ঢাকা,জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের শুল্ক কর্তৃপক্ষ সোমবার রাতে প্রায় আড়াইকোটি টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা আটক ও তিনজনকে গ্রেপ্তার করেছে।
বিমান বন্দর শুল্ক বিভাগের সহকারী পরিচালক শামীম আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টার দিকে সিঙ্গাপুরগামী যাত্রীদের নিরাপত্তা চেকিংয়ের সময় তিন যাত্রীর কাছ থেকে সৌদি ও কাতারী রিয়াল ও আমীরাত দিরহামসহ ওই অর্থ পাওয়া যায়।
মোহাম্মদ সেলিম, ইউনুস এবং রাজন নামে ওই তিন যাত্রীর আচরণে সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে আচারের বোতল ও পাউডারের কৌটা থেকে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকার সমমূল্যের সৌদি ও কাতারী রিয়াল এবং দিরহাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা মুদ্রা পাচারকারী দলের সদস্য বলে উল্লেখ করেন শামীম আরা। তবে আটককৃতরা পাচারের অভিযোগ অস্বীকার করে বলেছে অন্য কেউ কৌশলে তাদের ব্যাগে এই বৈদেশিক মুদ্রা রেখে থাকতে পারে।
বিমান বন্দর থানার উপ পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় শুল্ক পরিদর্শক মোবারক হোসেন খান বাদি হয়ে মঙ্গলবার বিকালে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/২০১০ঘ.
bdnews24