২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের মতো আচরণবিধি হচ্ছে সিটি নির্বাচনে

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে সিটি করপোরেশন আইনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে এই খসড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে সিটি করপোরেশন আইনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে এই খসড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবারই কমিশনের বৈঠকে ওই আইনের খসড়াটি চূড়ান্ত করা হয় বলেও তিনি জানান। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সব স্থানীয় নির্বাচনের বিধি প্রনয়ণেরই ক্ষমতা চাইবে বলে জানান কমিশনার। সাখাওয়াত হোসেন বলেন, "সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি প্রনয়ণের কথা ওই খসড়া আইনের সুপারিশে বলা হয়েছে। এছাড়া এতে সংসদ নির্বাচনের মতো প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় -ব্যয়ের হিসাবসহ আট ধরণের তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। এসব আচরণবিধি লঙ্ঘন করলে বা ভুল তথ্য দিলে প্রার্থীর জরিমানা, মনোনয়ন বাতিল, এমন কি কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।" পর্যায়ক্রমে কমিশন পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ সব ক'টি স্থানীয় নির্বাচনের জন্যও একই ধরণের আচরণবিধির সুপারিশ করবে বলেও তিনি জানালেন। কমিশনার আরও জানান, আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধীরা সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না। এছাড়া স্থানীয় নির্বাচনগুলো নির্দলীয় বলে প্রার্থী কোনো দলের কোনো পদে থাকতে পারবেন না। সিটি করপোরেশন নির্বাচন যেন মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়, এমন সুপারিশও তারা করছেন। কবে নাগাদ সিটি করপোরেশনগুলো নির্বাচন হবে তা জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "ঢাকা ও চট্টগ্রাম বাদে বাকি চারটি সিটি করপোরেশন (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নির্বাচন আমরা এপ্রিলের শেষে একসঙ্গে করতে চাই। এ জন্য এখন প্রস্তুতি চলছে। ঢাকায় ছবিসহ ভোটার তালিকার কাজ এখনও শেষ হয়নি। এ জন্য ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পরে হবে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ এখনো রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৭৩৪ঘ.