২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ায় ভোলায় পুলিশ কর্মকর্তা, ঘুষ সাধায় বরিশালে ২ আসামি গ্রেপ্তার

ঘুষের টাকা নিতে গিয়ে নৌবাহিনীর হাতে আটক হয়েছেন ভোলার মনপুরা থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। বরিশালে পুলিশ সুপারকে ঘুষের প্রস্তাব দিতে গিয়ে আটক হয়েছেন হত্যা মামলার দুই আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বরিশাল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষের টাকা নিতে গিয়ে নৌবাহিনীর হাতে আটক হয়েছেন ভোলার মনপুরা থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। বরিশালে পুলিশ সুপারকে ঘুষের প্রস্তাব দিতে গিয়ে আটক হয়েছেন হত্যা মামলার দুই আসামি। সোমবার সন্ধ্যায় ওই তিনজনকে আটক করা হয়। এসআই রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অপর ঘটনায় মামলা করা হয়েছে। হত্যা মামলার আসামিরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের দলিল উদ্দিন ওরফে ধলু (৫৫) ও জালাল আহম্মেদ জালু (৫৫)। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কর্মকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই রফিকুল ইসলাম ট্রলার মালিক নুর আলম মাঝির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনীর সদস্যরা তাকে আটক করে। একটি ডাকাতির ঘটনায় নুর আলমের ট্রলারটি আটক করা হয়। পরে আদালত মালিককে ট্রলার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওসি জানান, নুর আলম ট্রলারাটি নিতে রফিকের কাছে এলে, তিনি ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষে ছয় হাজার টাকা ঘুষ দেওয়ার রফা হয়। বিষয়টি নুর আলম নৌবাহিনীকে জানান। নৌবাহিনীর পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় নুর আলম রফিককে তিন হাজার টাকা দেওয়ার সময় নৌবাহিনীর সদস্যরা এসআইকে আটক করে। ওসি বলেন, "এসআই রফিকুল ইসলামকে এখনো থানায় রাখা হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।" ঘটনার সত্যতা স্বীকার করে ভোলার পুলিশ সুপার আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত এসআই রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।" মামলা দায়ের প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, "রফিকের বিরুদ্ধে আমাদের তদন্ত শুরু হয়েছে। তবে মামলা দায়েরের বিষয়টি ওই ট্রলার মালিকের উপর বর্তায়। তিনি ইচ্ছে করলে মামলা করতে পারেন।" এদিকে, বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেহেন্দিগঞ্জ উপজেলার কোকেলা বেগম হত্যার মামলা দুই আসামি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মামলা থেকে তাদের অব্যহতি দেওয়ার বিনিময়ে তাকে ২০ হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। পুলিশ সুপার তাদের প্রস্তাবে রাজি হননি। এরপর আসামিরা কার্যালয় থেকে বের হওয়ার পর এসআই আনোয়ার হোসেন তাদের গ্রেপ্তার করেন।" এ ব্যাপারে এসআই আনোয়ার আসামিদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করেছেন। ছয় মাস আগে দলিল উদ্দিন ওরফে ধলুর ভাইয়ের ছেলে টিপুর স্ত্রী কোকেলা বেগমকে দুর্বৃত্তরা হত্যা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৭১৪ ঘ.