ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেলিম আল দীনের মৃত্যুতে শোকার্ত বিশিষ্টজনেরা বলেছেন, এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলা নাটকের উজ্জ্বল অধ্যায়ের অবসান হয়েছে। তার সৃষ্টিকর্ম চিরায়ত শিল্প হিসাবে টিকে থাকবে বাংলা সাহিত্যের ভূবনে।
দুপুরের পর সেলিম আল দীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাট্যকর্মী, কবি, সাহিত্যিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে যান ল্যাবএইড হাসপাতালে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সব পরীক্ষা ১৬ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গোটা ক্যাম্পাস জুড়ে নেমে আসে শোকের ছায়া।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয়। বিশ্ববিদ্যালয় একজন গুণী শিক্ষককে হারালো। তার হাত ধরে বাংলা নাটক নতুন আঙ্গিক ধারণ করে। তিনি প্রচলিত ধারা ভেঙে এপিকধর্মী নাটকের প্রচলন করেন।"
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, "বাংলা নাটকের উজ্জ্বল অধ্যায়ের অবসান হয়েছে। বাংলা নাটকে মুক্তিযুদ্ধের চেতনা তার হাত দিয়ে এসেছে। তিনি যা লিখে গিয়েছেন এবং রেখে গেলেন তা চিরায়ত সাহিত্যের মর্যাদা পাবে।"
সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসির উদ্দিন ইউসুফ বলেন, "বাংলানাটকের হারিয়ে যাওয়া রূপ তার হাত ধরেই ফিরে এসেছে। তার এভাবে চলে যাওয়ার কথা না। আমরা ঢাকার বাইরে বিশ্ব সংস্কৃতি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিলাম। জমিও কেনা হয়েছিল।"
নাট্য কর্মী আলী যাকের বলেন, "সেলিম আল দীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান নাট্যকার। সম্পূর্ণ অভিনিবেশ দিয়ে কাজ করতো। নাটক লেখা, আর কিছুই না। তার মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয়।"
জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, "সত্যিকার অর্থে মানুষের মধ্যে যতগুলো মাত্রা থাকা সম্ভব সবই সেলিম আল দীনের মধ্যে ছিল। তার চলে যাওয়া মানে দেশকে শূন্য করে যাওয়া। আরেকজন সেলিম আল দীন আমরা পাব না।"
লেখক ইমদাদুল হক মিলন বলেন, "তার মৃত্যু জাতির জন্য বড় ক্ষতি। তাকে ছাড়া বেইলি রোডে নাটক হবে, আমি ভাবতে পারছি না। তার তুলনা তিনি নিজেই।"
অভিনেতা পিযুষ বন্দ্যোপধ্যায় বলেন, "একজন দার্শনিক, ইতিহাসবেত্তা, সমাজ সচেতক এবং মানব ও প্রকৃতি প্রেমিক হিসাবে তিনি ৩৬ বছর ধরে কঠিন ও নিরব অধ্যবসায় চালিয়ে যাচ্ছিলেন। সেই কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। এ ক্ষতি বাংলা থিয়েটারের জন্য তো বটেই, বিশ্ব নাটকের জন্য একটি সম্ভবনার অপমৃত্যু।"
অধ্যাপক সেলিম আল দীনের মৃত্যুতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সব সদস্য ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'অনুশীলন নাট্যদল', উদীচী শিল্পী গোষ্ঠী, থিয়েটার নাট্যদুয়ার, থিয়েটার সংশপ্তক, সমকাল নাট্যচক্র, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশন, আবৃত্তি সংগঠন স্বনন, জাহাঙ্গীরনগর থিয়েটার, আবৃত্তি সংগঠন ধ্বনি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআরএফ/এসএনডি/২০৩০ ঘ.
bdnews24