২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়তে হবে: হাসান মশহুদ

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "শুধু গ্রেপ্তার কিংবা শাস্তি দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" সোমবার নোয়াখালীতে এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

নোয়াখালী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "শুধু গ্রেপ্তার কিংবা শাস্তি দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" সোমবার নোয়াখালীতে এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) এ কথা বলেন। হাসান মশহুদ চৌধুরী বলেন, "ক্ষমতার অপব্যবহারের কারণে সমাজে দুর্নীতির জন্ম হয়েছে। এটা বন্ধ করা গেলে দুর্নীতি প্রতিরোধ অনেক সহজ হয়ে যাবে। ভালো নেতৃত্বে পেলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তাই গুণী, সৎ ও যোগ্য নেতা তৈরির জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন।" দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "যতদিন বাংলাদেশ দুর্নীতির শীর্ষে থাকবে, ততোদিন নাগরিক হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আমাদের সবাইকে শপথ নিতে হবে; আমারা দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না।" দুর্নীতির জন্য ব্যক্তি, দল, প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করা যায় না- মন্তব্য করে হাসান মশহুদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মানববন্ধন, শোভাযাত্রা ও মুক্ত আলোচনার মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে। সকালে নোয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী, পুলিশ সুপার মুশফেকুর রহমান বক্তব্য রাখেন। দুদক চেয়ারম্যান পরে লক্ষ্মীপুরে আরেকটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লক্ষ্মীপুর প্রতিনিধি জানান। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেন, বাংলাদেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্নীতি করে না এমন কোনও বিভাগ নেই। কেউ সরাসরি দুর্নীতিতে লিপ্ত, কেউ তাতে সহায়তা করছে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তাই আগে নিজে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যদেরও সচেতন করতে হবে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. তসলীমুল ইসলাম, পুলিশ সুপার এসএম রোকন উদ্দিনসহ জনপ্রতিনিধি, পেশাজীবী ও এনজিও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩১ ঘ.