২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণময় এক জীবন

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্ম নেন মঈনুদ্দীন আহমেদ। কালের পরিক্রমায় এ মঈনুদ্দীন আহমেদই সেলিম আল দীন নামেই পরিচিত হয়ে ওঠেন। রবীন্দ্রোত্তর বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার সেলিম আল দীনের সৃষ্টিশীলতার কিরণচ্ছটা বিস্তৃতি ঘটেছে ভারতবর্ষ ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত। শিল্পাদর্শে তিনি দ্বৈতাদ্বৈতবাদী। পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বছরের নন্দতত্ত্বের আলোকে অস্বীকার করে এক নবতর শিল্পরীতি প্রর্বতন করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

আমিনুর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্ম নেন মঈনুদ্দীন আহমেদ। কালের পরিক্রমায় এ মঈনুদ্দীন আহমেদই সেলিম আল দীন নামেই পরিচিত হয়ে ওঠেন। রবীন্দ্রোত্তর বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার সেলিম আল দীনের সৃষ্টিশীলতার কিরণচ্ছটা বিস্তৃতি ঘটেছে ভারতবর্ষ ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত। শিল্পাদর্শে তিনি দ্বৈতাদ্বৈতবাদী। পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বছরের নন্দতত্ত্বের আলোকে অস্বীকার করে এক নবতর শিল্পরীতি প্রর্বতন করেছেন তিনি। সেলিম আল দীনের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। সেই সূত্রে ঘুরেছেন বহু জায়গা। ছোট বেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তার চরম ঝোঁক। তাই দূরে কাছে নতুন বই দেখলেই পড়ে ফেলতেন এক নিমেষে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হওয়ার পর লেখক হওয়ার বিষয়ে পাকা পোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেলিম আল দীন। লেখক হিসাবে তার প্রকাশ ঘটে ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত 'দৈনিক পাকিস্তান' পত্রিকার মাধ্যমে। আমেরিকার কালো মানুষদের নিয়ে বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্যে' ছাপা হয় ওই পত্রিকায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন সেলিম আল দীন; যুক্ত হন ঢাকা থিয়েটারে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে যোগ দেন বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে; কপি রাইটার হিসাবে। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। ওই বছরই বেগমজাদী মেহেরুন্নেসার সঙ্গে বিয়ে হয় তার। তাদের একমাত্র সন্তান মঈনুল হাসানের অকাল মৃত্যু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা সেলিম আল দীনের হাত ধরেই। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সাথী করে গড়ে তোলেন গ্রাম থিয়েটার । সেলিম আল দীন ১৯৮৪ সালে বাংলা একাডেমী , ১৯৯৬ সালে জাতীয় চলচ্চিত্র এবং ২০০৭ সালে একুশে পদক পান। এ ছাড়া বিভিন্ন সংগঠন থেকে পাওয়া পুরস্কার ও সম্মাননার সংখ্যা অনেক। বাংলা নাটককে বিশ্বের পাঠশালায় তুলে ধরতে সেলিম আল দীন রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার রচনা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব, ফিউশন তত্ত্বের প্রবক্তা এবং নিউ এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী। তার প্রথম রেডিও নাটক 'বিপরীত তমসায়' ১৯৬৯ সালে এবং টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় 'লিব্রিয়াম' (পরিবর্তিত নাম 'ঘুম নেই') প্রচারিত হয় ১৯৭০ সালে। আমিরুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত প্রথম মঞ্চনাটক 'সর্প বিষয়ক গল্প' মঞ্চায়ন হয় ১৯৭২ সালে। তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বাংলা ভাষার একমাত্র নাট্য বিষয়ক কোষগ্রন্থ 'বাংলা নাট্যকোষ' সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। তার রচিত 'হরগজ'নাটকটি সুইডিশ ভাষায় অনূদিত হয় এবং এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্য দল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে। সেলিম আল দীনের প্রথম দিককার নাটকের মধ্যে সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, মূল সমস্যা, এগুলোর নাম ঘুরে ফেরে আসে। সেই সঙ্গে প্রাচ্য, কীত্তনখোলা, বাসন, আততায়ী, সয়ফুল মুলক্ বদিউজ্জামান, কেরামত মঙ্গল, হাত হদাই, যৈবতি কন্যার মন, মুনতাসির ফ্যান্টাসি ও চাকা তাকে ব্যতিক্রমধর্মী নাট্যকার হিসেবে পরিচিত করে তোলে। জীবনের শেষ ভাগে 'নিমজ্জন' নামে মহাকাব্যিক এক উপাখ্যান বেরিয়ে আসে সেলিম আল দীনের কলম থেকে। টিভি নাটকে স্বতন্ত্র এক ধারার সূচনা করেন সেলিম আল দীন। বিটিভিতে প্রচারিত তার লেখা 'গ্রন্থিকগণ কহে' শিল্পানুরাগীসহ সব মানুষের মনে ছাপ ফেলে। সেলিম আল দীনের 'চাকা' ও 'কীত্তনখোলা' নাটকটির চলচ্চিত্রায়ন হয়েছে। সবশেষ তিনি 'ময়ূরজান' এবং মানুষের জীবনের দেহাবশেষ নিয়ে 'হাড় হাড্ডি' নামে নাটক রচনায় মগ্ন ছিলেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি এসে বরেণ্য এ নাট্যজনের বর্ণময় জীবনের ইতি ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪১ ঘ.