ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী ফারহানা আফরোজ মিথুন (১৮) শনিবার রাতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ইনস্টিটিউটের হোস্টেল সুপার কমলা রানি শীল ও মমতাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথুনের রুমমেট বুশরা তাদের জানায় বাথরুমের জানালায় ওড়না পেঁচিয়ে শনিবার গভীর রাতে সে আত্মহত্যা করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিথুন মানসিক চাপে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়না তদন্ত না হলে মন্তব্য করা ঠিক হবে না।"
রোববার সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
মিথুনের চাচা আবদুর রাজ্জাক গাজী জানান, ময়না তদন্ত শেষে তারা নিয়মিত মামলা করবেন।
মিথুনের বাড়ি যশোরের অভয়নগর থানার কোটা গ্রামে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এসকে/২০৫২ঘ.
bdnews24