পঞ্চগড়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে লাবনী (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন একে আত্মহত্যা বলে দাবি করলেও গৃহবধূর স্বজনদের অভিযোগ, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
শনিবার বিকালে শহরের ওয়ালটন শোরুমের ব্যবস্থাপক মাহমুদ আল হাসান আরিফের স্ত্রী লাবনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রোববার পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মিজানুর রহমান মিজান সাংবাদিকদের বলেন, লাবনীর মৃত্যুকে আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে।
লাবনীর মৃত্যুর খবর পেয়ে রোববার পঞ্চগড়ে আসেন তার বাবা ও স্বজনরা। লাবনীর বাড়ি রংপুরে।
লাবনীর চাচাতো ভাই মোমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, "আমরা আত্মহত্যার কোনও আলামত পাইনি। তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি। আশেপাশের লোকজনও নির্যাতনের কথা জানিয়েছে।"
মোমিন বলেন, লাবনীর তিন বছর বয়সী ছেলে মুগ্ধ পুলিশকে জানিয়েছে, তার বাবা মাহমুদ মাকে মারধর করেছিল।
লাবনীর স্বজনরা জানায়, বিয়ের সময় মাহমুদকে যৌতুক হিসেবে মটর সাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর সে আরও যৌতুক চায়। যৌতুক চাওয়ার এ বিষয়টি কয়েকদিন আগেও লাবনী তার বাবা-মাকে জানিয়েছিল বলে মোমিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24