চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি এবং এর আশে পাশের এলাকায় রোববার ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর ফলে রাঙামাটির বড়কল উপজেলায় অর্ধশত মাটির ঘর ধসে পড়েছে। ফাটল দেখা দিয়েছে দালানগুলোতে। (আরও তথ্যসহ)
চট্টগ্রামের আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের যান্ত্রিক কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টা ৪৪ মিনিট ৩৯ সেকেন্ডে মৃদু মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।
পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ৪ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকার আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রাঙামাটির বড়কল এলাকার কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধি জানান, ভোরে ভূমিকম্পের ফলে লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরকলের পাকা দালানগুলোতে ফাটল দেখা দিয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম জানান, উপজেলা সদরের প্রায় সবকটিতে পাকা দালানের ফাটল সৃষ্টি হয়েছে; ধসে পড়েছে অর্ধশত মাটির ঘর। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/১৯০৭ ঘ.
bdnews24