ঢাকা,জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ভবিষ্যত বিষয়ক এক গোলটেবিলে রিক্সা ও সাইকেলের পরিবেশবান্ধব গুণটি তুলে ধরে এ যানদুটিকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আলোচকরা পথচারীর জন্য পর্যাপ্ত ফুটপাত রাখার ওপরও জোর দেন।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে "পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী গণমুখী পরিবহন ব্যবস্থা: ঢাকা মহানগরীর বর্তমান ও ভবিষ্যৎ" শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
গোলটেবিলে নগরবাসীর চলাচলের জন্য জ্বালানি সাশ্রয়ী ও কম খরচের পরিবহন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
আলোচনায় মূল বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী ট্র্যান্সপোর্ট ফর লন্ডন সংস্থার কর্মকর্তা ড: মাহাবুবুল বারী।
ড: মাহাবুবুল বারী বলেন, ঢাকা মহানগরীতে পথচারী, সাইকেল ও রিক্সা চলাচলে অগ্রাধিকার দিতে হবে। শুধুমাত্র প্রাইভেট ও বড় গাড়িকে সুবিধা দিলে চলবে না।
ড: বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপকালে বলেন, রিক্সা ভ্যান ও সাইকেল অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। রিক্সা ভেঙে দেয়া মানবাধিকারের লংঘন বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে বাপা'র সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, রাজধানীকে সবার বসবাসের উপযোগী করতে সব ক্ষেত্রের বিশেষজ্ঞ ও সরকারের সংশ্লিষ্ট মহলকে নিয়ে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।
তিনি পরিকল্পনা প্রণয়নে দরিদ্র জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রাখার তাগিদ দেন এবং পাতাল রেল চালুর সম্ভাব্যতার কথা উল্লেখ করেন।
আলোচনায় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য সচিব সোহেল এ চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুখসানা হাফিজ, বাপা'র সহ-সভাপতি অধ্যাপক ফিরোজ আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২৩৪২ঘ.
bdnews24