ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর রায়েরবাজার নিমতলা বস্তিতে আগুন লেগে শুক্রবার সন্ধ্যায় প্রায় দুই হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আফসানা (৫) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। দমকলকর্মীরা রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। (আরো তথ্যসহ)
দমকল সদর দপ্তরের কর্মকর্তা কাজী সুফিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডোবার ওপর বাঁশ দিয়ে গড়ে তোলা নিমতলা বস্তিতে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে। সাতটা পাঁচ মিনিটে খবর পেয়ে লালবাগ, পলাশী, মোহাম্মদপুর ও সদর দপ্তর থেকে মোট ১২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু ঘটনাস্থল থেকে রাত সোয়া আটটায় জানান, দমকলের বেশ কয়েকটি গড়ি ঘটনাস্থলের কাছে পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় তখনো পর্যন্ত মাত্র একটি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। আশেপাশের ভবনের বাসিন্দারাও দেয়ালে পানি ছিটিয়ে ও ছাদ থেকে দাহ্য বস্তু সরিয়ে ফেলে আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা শুরু করেন। বস্তিবাসীরা তখনো পর্যন্ত আতঙ্কে ছোটাছুটি করছিল। পরে দমকলের অন্য ইউনিটগুলোও আগুন নেভানোর কাজে অংশ নেয়।
দমকলের ঢাকা অঞ্চলের সহকারি পরিচালক এবিএম নূরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকাবাসীর হিসেবে প্রায় দুই-আড়াই হাজার ঘর পুড়ে গেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা হয়েছি। কিন্তু পথে যানজট আর সরু রাস্তার কারণে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে।"
নুরুল হক জানান, দমকল কর্মীরা রাত পৌনে নয়টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ওই সময় রায়ের বাজারের শেষ মাথায় একটি বাড়ির গ্যাস লাইনে আগুন ধরে যায়। তিতাস কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে রাত নয়টা ২৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
দমকল মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, "পুরো বস্তিটি পানির ওপর বাসের মাঁচা করে গড়ে তোলা হয়েছে। এ কারণে আমাদের ভেতরে পৌঁছাতে সমস্যা হয়েছে। তবে আমরা ভেতরের দিকে একটি পার্টিশন (অংশ) ভেঙে দেওয়ায় বস্তির একটি বড় অংশ বাঁচাতে পেরেছি। এখন পর্যন্তহতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একটি শিশু নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী আমাদের জানিয়েছে।"
অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, বস্তির প্রায় সব ঘরই আগুনে পুড়ে গেছে।
বস্তির প্রায় আড়াইশ ঘরের তত্ত্বাবধায়ক বানু বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ঘরের মূল মালিক হাসিনা বেগম নামের এক মহিলা। এজন্য এটি বানুর টং হিসেবে পরিচিত। আগুনে সব ঘরই পুড়ে গেছে।
তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে।
বানু বেগম জানান, এখান থেকে তিনি প্রতিমাসে এক লাখ ৬০ হাজার টাকা ভাড়া তুলতেন। তার ঘরে নগদ এক লাখ ৭০ হাজার নগদ টাকা ছিল। ঘর মেরামতের জন্য কয়েকদিন আগে তিনি ব্যাংক থেকে এই টাকা তোলেন। আগুনে টাকাও পুড়ে গেছে। কথা বলতে বলতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
বস্তির বাসিন্দা জাহানারা বেগম জানান, তার নয় বছরের মেয়ের চোখে কিছুদিন আগে অপারেশন হয়েছে। ঘরের সব জিনিসের সঙ্গে তার ওষুধও আগুনে পুড়ে গেছে। এখন মেয়ের জন্য ওষুধ বা খাবার কেনার সামর্থও তার নেই।
এদিকে আগুন নেভার পর কোনো শিশুকে পাওয়া গেলে তাকে স্থানীয় মসজিদে জমা দিতে এবং যাদের সন্তান নিখোঁজ রয়েছে তাদের মসজিদে যোগাযোগ করার জন্য মাইকের মাধ্যমে অনুরোধ করা হচ্ছে।
এর আগে গত ১৮ নভেম্বর একই বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩০৫ ঘ.
bdnews24