ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। জামিন স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশনের আবেদন খারিজ করেছে আদালত।
অন্যদিকে, ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের জামিন ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে দুটি আদেশ দেন।
বাবুলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাবুলকে গত ২৭ নভেম্বর হাইকোর্ট জামিন দেয়। এর বিরুদ্ধে দুদক আবেদন জানালে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
১৯ আগস্ট দুদক মতিঝিল থানায় মামলাটি দায়ের করে।
সব মামলায় জামিন পাওয়ার পর ৫ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ বাবুলকে মুক্তি দেয়। কিন্তু পুলিশ কোনো আদেশ ছাড়াই তাকে বারডেমে আটকে রাখে। এ অবস্থায় বাবুল রিট করলে ৮ জানুয়ারি হাইকোর্ট তার স্বাধীন চলাচলে বাধা না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয়। আপিল বিভাগের আদেশের ফলে বাবুলের মুক্তভাবে চলাচলে কোনো বাধা রইল না।
অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার মীর হেলালকে ১৩ ডিসেম্বর দুর্নীতির মামলায় জামিন দেয় আদালত। এর বিরুদ্ধে দুদক আবেদন করলে এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ১৮ ডিসেম্বর ২ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/১৯১২ ঘ.
bdnews24