ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকা মহানগরীকে বাঁচাতে আগামী ৫০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা। নইলে তাঁর মতে, আগামী দিনে ঢাকা বসবাসের অযোগ্য একটি নগরীতে পরিণত হবে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে 'ঢাকা নগর পদক' বিতরণ অনুষ্ঠানে সভাপতির ভাষণে মেয়র খোকা এ কথা বলেন।
তিনি বলেন, "এই মহানগরীকে বাঁচাতে ঢাকা, কেরানীগঞ্জ, সাভার ও গাজীপুর পর্যন্ত বিস্তৃত একটি ৫০ বছর মেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা এখনই গ্রহণ করা উচিত। অন্যথায় আগামী দিনে প্রাচীন এই শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে।"
ভাষা সৈনিক আব্দুল মতিন ও মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক এয়ারভাইস মার্শাল একে খন্দকার ২০০৫ ও ২০০৬ সালের ঢাকা নগর পদক বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে তুলে দেন। নির্বাচিতদের একটি করে স্বর্ণ পদক ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পদক প্রাপ্তরা হচ্ছেন, এবিএম মূসা ও আবুল খায়ের (সাংবাদিকতা), জাকারিয়া পিন্টু (ক্রীড়া) এবং আঞ্জুমান মফিদুল ইসলাম, বুলবুল ললিতকলা একাডেমী, ঢাকা কমিউনিটি হাসপাতাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ছায়ানট, ভিক্টোরিয়া ক্লাব এবং প্রবীণ হিতৈষী সংঘ।
অনুষ্ঠানে আব্দুল মতিন বলেন, "এক সময় মসলিনের জন্য বিখ্যাত ঢাকা এখন একটি নোংরা শহরে পরিণত হয়েছে। এখানে গরীব মানুষের থাকার কোনো জায়গা নেই। এটি এখন পরিণত হয়েছে দুর্বৃত্তের শহরে। উপরন্তু দুর্ভিক্ষের পদধ্বনি পাওয়া যাচ্ছে। এ অবস্থা থেকে উদ্ধার পেতে হবে।"
একে খন্দকার বলেন, "৩৬ বছর পরে হলেও আজ বা কাল যুদ্ধাপরাধের বিচার হতে হবে। তা না হলে দেশ থেকে অপরাধ প্রবণতা দূর করা কঠিন হয়ে পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৬১৮ ঘ.
bdnews24