ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
প্রবীণ আইনজীবী হাসান আরিফ বুধবার শপথ নেয়ার আগে বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, "সন্ধ্যায় উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার জন্য বঙ্গ ভবনে যাবো।..এটা গুরুদায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই মূল দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য যে আইনী অবকাঠামো প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখতে হবে।"
হাসান আরিফ জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব টেলিফোন করে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পৌঁছে দেন।
অ্যাডভোকেট হাসান আরিফ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ১৪ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৬ এপ্রিল তিনি পদত্যাগ করেন।
হাসান আরিফ সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হকের সময় ১৯৮৫ সালের আগস্ট থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ এ স্বৈরশাসনের অবসানের পর আমিনুল হকের সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির মামলা পরিচালনা করেন।
১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। এছাড়া ১৯৮২ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকার বিশেষ সামরিক আইন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন।
হাসান আরিফ ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৭০ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ওই বছরই ভারতের পশ্চিমবঙ্গ থেকে স্থায়ীভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। এর আগে তিনি ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন।
হাসান আরিফ ১৯৬৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের ইউনির্ভাসিটি কলেজ অব ল' থেকে ১৯৬৬ সালে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন।
হাসান আরিফ ১৯৭৫-১৯৭৬ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সম্পাদক ও ১৯৯৬-১৯৯৭ সালে সহ-সভাপতি নির্বাচিত হন।
হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। পিতা মরহুম আবু ইউসুফ আলীপুরের প্রখ্যাত আইনজীবী ছিলেন। বৈবাহিক সূত্রে তিনি শেরে বাংলা একে ফজলুল হকের আত্মীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআরএফ/এসকে/১৭১২ঘ.
bdnews24