ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শুক্রবাদে ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনা তদন্তে মূলত একজনের ছবি ও দুটি ফোন নম্বরের সূত্র ধরে অনুসন্ধান চালানো হচ্ছে। সন্দেহের বাইরে রাখা হচ্ছে না ব্র্যাক ব্যাংক ও নিদমহল হোটেলের কর্মকর্তা-কর্মচারীদেরও। পুলিশ বলছে, ডাকাতরা হোটেলের পাঁচটি কক্ষ ভাড়া নিয়েছিল। ডাকাত দলে নারী সদস্য ছিল বলেও ধারণা পুলিশের।
কেন্দ্রীয় ব্যাংক ডাকাতির বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের কাছে চিঠি দিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তরা ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দাবি করেছেন।
শুক্রাবাদে নিদমহল হোটেল ভবনের দোতলায় অবস্থিত ব্র্যাক ব্যাংকের শাখায় শনিবার রাতে ৬০টি লকার ভেঙে মালামাল লুটে নেয় ডাকাত দল।
ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তকারী মোহাম্মদপুর থানার কর্মকর্তা উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ডাকাতরা বেশ কিছু আলামত ফেলে গেছে। এগুলোর সূত্র ধরে তদন্ত চলছে। আশা করা যাচ্ছে, অচিরেই ডাকাতির রহস্য উদ্ঘাটন হবে।"
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বলেন, "আমরা এক জনের ছবি পেয়েছি। এই ছবি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি মোবাইল ফোন নম্বর পাওয়া গেছে যে নম্বরে ডাকাতরা কথা বলেছে বলে ধারণা করছি। এ দুটি সূত্র ধরে তদন্ত চলছে।"
তদন্তের স্বার্থে ছবি ও ফোন নম্বরগুলোর বিষয়ে বিস্তারিত জানাতে চাননি শিবলী নোমান।
ডাকাতরা নিদমহল হোটেলের পাঁচটি কক্ষ ভাড়া নিয়েছিল বলে পুলিশ ধারণা করছে। ডাকাত দলে নারী সদস্যও থাকার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, নিদমহল হোটেলটির ছয় তলা ভবনের দোতলায় ছিল ব্যাংক। তিনতলায় হোটেলের মোট ১২টি কক্ষের মধ্যে ডাকাতরা ১০৩ ও ১০৪ নম্বর কক্ষের আশেপাশে আরও তিনটি কক্ষ ভাড়া নিয়েছিল বলে আমরা সন্দেহ করছি। কারণ পাঁচটি কক্ষই একই দিন খালি হয়।
সরেজমিনে দেখা যায়, হোটেলের ১০৩ নম্বর কক্ষ এবং ১০৪ নম্বর কক্ষের মাঝখানে একটি দরজা রয়েছে। ডাকাতরা ১০৩ নম্বর কক্ষের মেঝে কেটে ব্যাংকে ঢোকে।
পুলিশ কর্মকর্তা আবু বকর বলেন, ১০৩ এবং ১০৪ নম্বর রুমের বাসিন্দারা রোববার সকালে নামাজের কথা বলে খালি হাতেই বেরিয়ে যায় বলে হোটেল কর্মচারীরা জানিয়েছে। দুটি কক্ষে তাদের ব্যবহৃত মালামালও পাওয়া যায়।
আবু বকরের ধারণা, পাশের ১০৫ নম্বর কক্ষে থাকা মহিলাই লুটের মালামাল সরিয়ে নেয়।
প্রায় এক সপ্তাহ আগে এই কক্ষটি স্বামী-স্ত্রী পরিচয়ে দুই জন ভাড়া নিয়েছিলেন বলে পুলিশ জানায়।
আবু বকর সিদ্দিকী জানান, হোটেল কিংবা ব্যাংক কর্তৃপক্ষ কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। মঙ্গলবার নিদমহল হোটেলের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম ডাকাতির ঘটনার আগে থেকে ছুটিতে ছিলেন। তার এ ছুটির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা আবু বকর জানান।
তবে ওই ছুটির বিষয়ে ব্যাংকের মার্কেটিং অ্যান্ড কর্পোরেট এফেয়ার্স বিভাগের প্রধান আবেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি বাৎসরিক ছুটি। এই ব্যাংকে বছর শেষে এই ছুটি বাধ্যতামূলক।
এদিকে লকার গ্রহীতাদের কেউ ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে, এমন সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
আবু বকর বলেন, নাম মাত্র ভাড়া নিয়ে ব্যাংকের দেওয়া চাবির অনুরূপ চাবি বানিয়ে লকারগুলো খোলা হতে পারে। ডাকাতদের ফেলে যাওয়া একটি লোহার টুকরা দেখে তাই মনে হয়েছে।
ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আবেদুর রহমান সিকদার জানান, ডাকাতির পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। যে সব গ্রাহকদের লকার লুট হয়েছে, তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত সাত জন হিসাব দাখিল করেছেন; যা থানা পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, লুট হওয়া মালামাল ৯০ দিনের মধ্যে উদ্ধার না হলে যাচাই-বাছাই করে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে বলে গ্রাহকদের সঙ্গে একটি সমঝোতা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৯০ দিনের মধ্যেই ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে সব মহলের সহযোগিতাও চান তারা। এছাড়া ডাকাতির পরদিনও পুরো ঘটনা কাউকে না জানানোর বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। তারা এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাবেত খান, মোহাম্মদ আলি এবং রেদওয়ানা খুকু মনি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এ টি এম নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লকার থেকে সম্পদ চুরির বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বের সঙ্গে নিয়েছে। জরুরি ভিত্তিতে বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানাতে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এলএইচ/এমআই/এমএইচবি/১৯৪৩ ঘ.
bdnews24