নারায়ণগঞ্জ, জানয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর থানার মালিবাগ এলাকায় সোমবার গাড়ি থামিয়ে সৌদি প্রবাসীর ১৩ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন রিয়াজুল (৩৫) নামের একজন।
আহত রিয়াজুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে সৌদি প্রবাসী মঙ্গল মিয়া ১৩ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে মালিবাগে আরেকটি গাড়িতে আসা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
গাড়িতে মঙ্গল মিয়ার সঙ্গে ছিলেন কুমিল্লার মেঘনা থানার ঢালীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ ও তার চাচাত ভাই রিয়াজুল। রিয়াজুল ছিনতাইকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন।
মঙ্গল মিয়ার বাড়ি কুমিল্লার মেঘনা থানার তুলাতলী গ্রামে। কয়েকদিন আগে তিনি সৌদি আরব থেকে আসেন। ঢাকার রায়েরবাগ এলাকায় একটি বাড়ি কেনার টাকা দিতে তিনি ঢাকা যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24