চট্টগ্রাম, জানুয়ারি ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশের সামুদ্রিক শুটকি ব্যবসায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মৌসুমের অর্ধেক সময় পার হলেও ঘূর্ণিঝড়ের পরে উৎপাদন না বাড়ায় দেশের বৃহত্তম শুটকির বাজার চট্টগ্রামের আছদগঞ্জের আড়তদার ও ব্যবসায়ীরা শঙ্কিত। তাদের হিসেবে মওসুমের বড় একটা সময় নষ্ট হওয়ায় উৎপাদন ৪০ শতাংশ কমে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক মিন্টু চৌধুরী।
আছদগঞ্জ শুটকি আড়তদার সমিতির সহ সভাপতি মজিবত উল্লা মজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ে নভেম্বর থেকে ফেব্র"য়ারি পর্যন্ত শুটকি মওসুমে প্রায় ২৫ হাজার টন শুটকি উৎপাদন হয়। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শুটকির স্বাভাবিক উৎপাদন ১০ হাজার টন। কিন্তু গতবছর ১৫ নভেম্বর সিডর আঘাত হানার কারণে শুটকি উৎপাদন ও বিক্রি হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টন।
মওসুমের বাকী সময়ে আরও ১০ হাজার টন শুটকি উৎপাদনের সম্ভাবনা আছে। তারপও এবার পুরো মওসুমে ১৫ হাজার টনের বেশি শুটকি উৎপাদন হবে না। সে হিসাবে এ বছর উৎপাদন ৪০ শতাংশ কম হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
মজিবত উল্লা জানান, প্রতি বছর দুবলারচরসহ খুলনার চরাঞ্চলে গড়ে প্রায় পাঁচ হাজার টন শুটকি উৎপাদন হয়ে থাকে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এবার দুই হাজার টনের বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা নেই।
চট্টগ্রাম ভিত্তিক শুটকি ব্যবসায়ী ও রপ্তানিকারকরা জানান, মওসুমের শুরুতে সিডর আঘাত করেছে। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জেলেরা দীর্ঘ সময় ধরে সমূদ্রে মাছ ধরতে না পারায় আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হতেও দেরি হয়েছে। এর ফলে রপ্তানির পরিমাণ অর্ধেকের বেশি কমে যাবে বলে তারা আশঙ্কা করছেন।
দেশে চাহিদা মিটিয়ে প্রতি বছর গড়ে ৫'শ থেকে ৭'শ টন শুটকি বিদেশে রপ্তানি হয়। আরব আমিরাত, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যেসব রাজ্যে বাঙালি আছে সেসব রাজ্যেও রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে ছুরি, চান্দা, লইট্টা, কাঁচকি ও চিংড়ির চাহিদা বেশি।
শুটকি ব্যবসার সংশ্লিষ্টরা জানান, শুধু সিডরের কারণে নয়- নিয়ম নীতির তোয়াক্কা না করে গত কয়েক বছর ধরে নির্বিচারে সাগরে মাছ ধরায় প্রতিবছর মাছের পরিমাণও কমছে। এর প্রভাব পড়েছে শুটকি উৎপাদনের ওপর। এছাড়া সাগরে ধরা মাছের একটা বড় অংশ সরাসরি খুচরা বাজারে বিক্রি হওয়ায় শুটকির জন্য মাছের সংকট দেখা দিচ্ছে।
ব্যবসায়ীরা জানান, শীতকাল বিশেষ করে নভেম্বর থেকে ফেব্র"য়ারি পর্যন্ত চার মাস মূলত শুটকি উৎপাদন ও বিক্রির মওসুম হিসাবে বিবেচিত হয়। এ সময়ে প্রতি বছর গড়ে ২৫ হাজার টন শুটকি উৎপাদন ও বিক্রি হয়। অথচ জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত উৎপাদন কমে গেছে প্রায় পাঁচ হাজার টন।
মওসুমের শুরুতে ঘূর্ণিঝড়ের কারণে জেলেদের মাছ ধরা বাধাগ্রস্ত হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ীরাও ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন বলে আছদগঞ্জের একাধিক ব্যবসায়ী ও রপ্তানিকারক জানান।
তারা বলেন, মওসুমের শুরুতে চট্টগ্রামের অধিকাংশ ব্যবসায়ী মাঝি ও জেলেদের পিছনে টাকা লগ্নি করে থাকেন। এবার সে টাকা পুরোপুরি উঠে আসবে না বলে তারা আশঙ্কা করছেন।
আড়তদার সমিতির সভাপতি শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের পাশাপাশি মাছ ধরা ট্রলারের ব্যাপক ক্ষতি হওয়ায় এবার বিনিয়োগকৃত অর্থ পুরোপুরি তুলে আনা সম্ভব নাও হতে পারে।
তিনি বলেন, এতে করে দেশের বৃহত্তম শুটকি বাজার আছদগঞ্জের আড়দার ও পাইকারি ব্যবসায়ীর অধিকাংশেরই কোন না কোনভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আছদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অন্যতম রপ্তানিকারক ফরিদ আহমদ বলেন, "এ বছর সিডরের প্রভাব ছাড়াও সামুদ্রিক কাঁচা মাছ সংরক্ষণের সুযোগ এবং খুচরা বাজারে মাছের দাম বাড়ায় জেলেরা শুটকি তৈরির দিকে কম ঝুঁকছেন।"
অচিরেই সমুদ্রে নির্বিচারে মাছ মারা বন্ধ করতে সরকারি নীতিমালা কঠোরভাবে প্রয়োগ না করলে শুটকি ব্যবসা ও রপ্তানিতে ধস নামবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখানকার শুটকির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও উচ্চ হারের শুল্কের কারণে রপ্তানি না বেড়ে প্রতি বছর কমছে।
রপ্তানিকারকদের অনেকেই অভিযোগ করেন, বৈদেশিক মুদ্রা আয়ে এ খাত বড় ধরনের অবদান রাখলেও শুটকি ব্যবসার জন্য তারা সরকারের তরফ থেকে তেমন কোন সুবিধা পান না। রপ্তানি শুল্ক কমিয়ে শুটকি ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সুবিধা দেয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/এমএ/১৯১৮ঘ.
bdnews24