২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশ যাতে ১/১১ এর আগের অবস্থায় ফিরে না যায় সেজন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। আর এ জন্য সাধারণ মানুষকে সচেতন করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশ যাতে ১/১১ এর আগের অবস্থায় ফিরে না যায় সেজন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। আর এ জন্য সাধারণ মানুষকে সচেতন করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। আর সেনাবাহিনী এ ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা দেবে। শনিবার রাজধানীর শেরে-বাংলা নগরের জাতীয় প্যারেড স্কোয়ারে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি সম্মেলন-২০০৮ এর কর্ম-অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনা প্রধান বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। সরকার এ লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। নির্ধারিত সময়ের মধ্যেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী এ জন্য সরকারকে সব ধরনের সহায়তা দেবে।" যোগ্য ও সৎ প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানিয়ে মইন উ আহমেদ বলেন, "আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে, যাতে দেশ ১/১১ এর আগের অবস্থায় ফিরে না যায়। এজন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সর্বাত্মক কাজ করে যেতে হবে।" দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে মইন উ আহমেদ বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত বছর দেশে তিনটি দুর্যোগে ২০ লাখ টন খাদ্যশস্যের উৎপাদন কম হয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম বেড়েছে। এরপরও কিছু ব্যবসায়ী মজুতদারী করছে। দেশের মানুষের পেটে পা রেখে মুনাফা করা কোনো ভাল ব্যবসায়ীর কাজ নয়।" স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে সম্মেলনের কর্ম-অধিবেশনে আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহম্মেদ, জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের আবাসিক প্রতিনিধি ড. মনোজ বসনিয়াত ও ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ। পরে মইন উ আহমেদ ও হাসান মশহুদ চৌধুরী জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেনা প্রধান বলেন, "৩৬ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযোদ্ধাদের ওই আত্মত্যাগের লক্ষ্য অর্জনে আমরা কতটা সফল হয়েছি এখন তা মূল্যায়নের সময় এসেছে। আমরা যা করতে পেরেছি, তার চেয়ে অনেক বেশি করা সম্ভব ছিল। দুর্নীতি ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে আমরা তা অর্জন করতে পারতাম।" জেনারেল মইন বলেন, "প্রতিবছর আমরা দুর্নীতির কারণে দুই শতাংশ এবং হরতালের কারণে দুই শতাংশ জিডিপির প্রবৃদ্ধি থেকে বঞ্চিত হয়েছি। এটা অর্জন করতে পারলে আজ আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার দুই অংকে পৌঁছাত।" দেশে দুর্নীতির ভয়াবহ বিস্তার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, "বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে অর্থ বরাদ্দ দেয়া হয়, তার ৪০ থেকে ৪৫ শতাংশ কাজে লাগে। বাকি টাকা দুর্নীতির মাধ্যমে কারো না কারো পকেটে চলে যায়। দেশে এতোদিনে যতটুকু কাজ হয়েছে, দুর্নীতি না থাকলে তার দ্বিগুণ হতো। দেশ অনেক এগিয়ে যেত। তাই আগামীতে যারা নেতৃত্বে আসবে, তাদের সৎ ও যোগ্য দেখেই নির্বাচিত করতে হবে।" তিনি বলেন, ছবিসহ ভোটার তালিকার কাজ সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষকে সচেতন করার কাজে নামতে হবে জনপ্রতিনিধিদের। জনগণকে বোঝাতে হবে যে, ভোট বিক্রি করলে তারা হয়তো একদিন ভালভাবে খেতে পারবে। কিন্তু বাকি সময় তাদের না খেয়ে থাকতে হবে। স্থানীয় সরকারের প্রতিনিধিদের সরকারের মূল চালিকা শক্তি অভিহিত করে জেনারেল মইন বলেন, "গত এক বছরে তিনটি দুর্যোগ মোকাবেলা করেছে। স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এ কাজ সহজ হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমআই/এমএ/১৯০১ঘ.