২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

৭১'র যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার সংস্থাটির মহাসচিব আইরিন খান যুদ্ধাপরাধের বিচারের এই দাবি তোলেন। তিনি বলেন, "১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে প্রাথমিক পদক্ষেপ নিতে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো।" "যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা উচিত" বলেও মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭১'র যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার সংস্থাটির মহাসচিব আইরিন খান যুদ্ধাপরাধের বিচারের এই দাবি তোলেন। তিনি বলেন, "১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে প্রাথমিক পদক্ষেপ নিতে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো।" "যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা উচিত" বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' ও 'মানুষের জন্য' এর যৌথ উদ্যোগে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। আইরিন খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক পদক্ষেপ পরবর্তী নির্বাচিত সরকারকে বিষয়টি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।" যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অভিজ্ঞতা দিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবেন বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি লাতিন আমেরিকা, কম্বোডিয়া ও আফ্রিকার প্রসঙ্গ টেনে আনেন। দেশে বেশ কিছুদিন ধরেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরালোভাবে উচ্চারিত হয়ে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন এক সময় যুদ্ধাপরাধের বিচারের দাবি তুললো যখন মুক্তিযোদ্ধা, রাজনীতিক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে ব্যবস্থা নিতে আওয়াজ তুলছেন। তৎকালীন পাকিস্তান দখলদারবাহিনী ও এর দেশজ সহযোগীদের হাতে ১৯৭১ সালে বাংলাদেশের প্রায় তিরিশ লাখ মানুষ শহীদ হন। সম্ভ্রম হারান দুই লাখ নারী। এতো কিছুর পরও বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কখনোই আলোর মুখ দেখেনি। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করা ও নির্বিবাদে হত্যাযজ্ঞ চালানোর জন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দিকেই অভিযোগের তীর ছুটে সর্বাগ্রে। যুদ্ধাপরাধের বিচার বিষয়ে আইরিন খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক আন্তর্জাতিক আইনে নিয়ত পরিবর্তন আসছে।" তিনি বলেন, "আমরা সরকারকে এইসব পরিবর্তিত আইনের ব্যাপারে অবহিত করবো এবং এসব আন্তর্জাতিক আইনের আলোকে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব।" এর আগে শনিবার সকালে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মহাসচিব অ্যাডভোকেট আইরিন খান ছয় দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান। ঢাকা অবস্থানকালে মানবাধিকারবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। ৯ জানুয়ারি ধানমণ্ডির দৃক গ্যালারিতে এক গোলটেবিল বৈঠকে তার যোগ দেওয়ার কথা রয়েছে। আইরিন খান বলেন, "বিভিন্ন বিষয়ে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সুন্দর আগামী সূচনা করতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সামনে অনেক সুযোগ রয়েছে।" জাতীয় মানবাধিকার আইন কমিশন ও বিচার বিভাগ পৃথক্করণের জন্য তিনি সরকারকে অভিনন্দন জানান। জরুরি অবস্থার মধ্যেও মানবাধিকার সুরক্ষিত থাকতে পারে এ অভিমত জানিয়ে তিনি বলেন, "লক্ষ্য রাখতে হবে জরুরি অবস্থার মধ্যে যেন মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়া ও দারিদ্র্য বিমোচন কোনোভাবেই বাধার সম্মুখীন না হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/এমএ/১৫৫৮ঘ.