ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাউজ অব কমন্সে বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য মার্গারেট অ্যান মেইন ও জন টিমোথি আর্চার সপ্তাহব্যাপী বেসরকারি সফরে শনিবার ভোরে বাংলাদেশে আসছেন। তারা বাংলাদেশের আগামী নির্বাচন ব্যবস্থা ও এর অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন।
শুক্রবার বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন (খোকন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের আসার খবরটি জানিয়ে বলেন, '' তারা এখন পথে আছেন। আগামীকাল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।''
মাহবুব উদ্দিন জানান, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে এই দুই ব্রিটিশ এমপির।
তিনি বলেন, বৃটেনে 'ফ্রেন্ডস অব বাংলাদেশ' নামে একটি সংগঠনের চেয়ারম্যান হচ্ছেন মার্গারেট অ্যান মেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24