ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নিমতলীতে এক ঠিকাদারকে তিন তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সেলিম আহম্মেদের (৪২) স্ত্রী অভিযোগ করেছেন, তার দুই ব্যবসায়িক অংশীদারই এ 'হত্যাকাণ্ড' ঘটিয়েছে।
পুরান ঢাকার কায়েতটুলির বিকে গাঙ্গুলী লেনের বাসিন্দা সেলিমের স্ত্রী আইরিন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে তার স্বামী বাসা থেকে বের হন। সেসময় সেলিম স্ত্রীকে নিমতলি সিটি করপোরেশন মার্কেটে ব্যবসায়িক অংশীদার মাসুম ও শওকতের কাছ থেকে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে যান।
এরপর দুপুরে পরিচিত একজন ফোন করে আইরিনকে জানায়, সেলিম তিনতলার ছাদ থেকে পড়ে আহত হয়েছেন । এ খবর পাওয়ার পর আইরিন তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ওপাশ থেকে একজন চিকিৎসক ফোন ধরে জানান, সেলিম দুর্ঘটনায় আহত হয়েছেন।
পরিবারে সদস্যরা এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন, সেলিম মারা গেছেন।
আইরিন জানান, সেলিমের সারা শরীরে ক্ষতচিহ্ন ছিল।
তিনি বলেন, "সেলিমের পার্টনার মাসুম ও শওকতই তাকে মারধর করে তিনতলা থেকে ফেলে দিয়েছে।"
নিমতলি সিটি করপোরেশন মার্কেটটি একটি তিনতলা ভবনে অবস্থিত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/জেকে/এসকে/২০৫৫ঘ.
bdnews24