চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম কমেছে। তবে খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েনি। গত দু'দিনে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি বাজারে মণ প্রতি ১৪০ টাকা কমলেও খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে মাত্র এক টাকা।
চাল ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার থেকে চাল আমদানির জন্য এলসি খোলা শুরু হওয়ায় এবং আগে খোলা এলসির চাল ভারত থেকে আসতে শুরু করায় দাম কমছে। সমুদ্র পথে ভারত থেকে প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে তিনটি জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে। শনিবার চাল নিয়ে মিয়ানমারের একটি জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে।
ব্যবসায়ীরা জানান, সরকারি ও বেসরকারি উদ্যোগে নতুন করে চাল আসা এবং এলসি খোলা শুরু হওয়ায় গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া চালের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের শেষ দু'দিন বুধ ও বৃহস্পতিবার চালের দাম নিচের দিকে নামতে শুরু করে।
শুক্রবার খাতুনগঞ্জ ও চাক্তাই বন্ধ থাকায় পাইকারি বাজারে চাল বিক্রি হয়নি। ফলে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েনি। তবে এর মধ্যে খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম এক টাকা কমেছে।
চাক্তাই ধান ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহের শুরুতে ভারতে চালের দাম বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে বস্তা প্রতি (সাড়ে ৭৪ কেজি) চালের দাম ১৯০০/১৯৫০ থেকে ২৩৮০ টাকায় গিয়ে ঠেকে। গত বুধ ও বৃহস্পতিবার চালের দাম আবার নিম্নমুখী হতে শুরু করেছে। বৃহস্পতিবার দিন শেষে বস্তা প্রতি চালের দাম কমে দাঁড়ায় ২১০০ টাকা।
তিনি জানান, একই সঙ্গে ভারতীয় পাইজাম চালের দামও বস্তা প্রতি ৮০/৯০ টাকা কমে এখন ২৭'শ টাকায় বিক্রি হচ্ছে।
ওমর আজম বলেন, আগে খোলা এলসির বিপরীতে ভারত থেকে সীমান্ত পথে এবং সমুদ্র পথে চাল আসা শুরু হওয়ায় এবং মিয়ানমারের চাল আমদানির জন্য এলসি খোলার হার বাড়ায় চালের দাম এখন নিম্নমুখী।
চাল আমদানিকারক ওমর জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে এখন থেকে এলসি (ঋণপত্র) খোলা হলে এই মাসের শেষ নাগাদ এবং ফেব্র"য়ারির প্রথম দিকে প্রয়োজনীয় পরিমাণ চাল আমদানি হবে। তখন চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে।
অপর এক চাল ব্যবসায়ী জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি পর্যায়ের পাশাপাশি সরকার জরুরিভিত্তিতে ভারত ছাড়াও মিয়ানমার ও থাইল্যান্ড থেকে চাল আমদানির পদক্ষেপ নেয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। আগামী কয়েকদিন আরও এলসি খোলা হলে চালের দাম আরও কমবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, গত দুই দিন পাইকারি বাজারে চালের বিক্রি ছিল কম। এ কারণে বস্তাপ্রতি চালের দাম ২৭০ থেকে ২৮০ টাকা কমলেও খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েনি। শুক্রবার খাতুনগঞ্জ ও চাক্তাই চালের আড়ত বন্ধ থাকায় শনিবার থেকে খুচরা বাজারে এর প্রভাব পড়া শুরু করবে।
তবে রেয়াজুদ্দিন বাজারের দোকানদার মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্মা থেকে চাল আসায় আগামী চার-পাঁচ দিন দাম বাড়ার সম্ভাবনা নেই। তবে আমদানি না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা মো. আকরাম জানান, গত দুই দিনে প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। শনিবার ইয়াঙ্গুন থেকে আরো একটি চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24