বাগেরহাট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন বাগেরহাটের প্রসাধনসামগ্রীর ব্যবসায়ী মোল্লা বেদার উদ্দিন বাবু (৩০)।
খুলনা মহানগরীর চানমারী শেয়ার ঘাট (খেয়াঘাট) এলাকা থেকে পুলিশ শুক্রবার সকালে তার লাশ ও একটি হেলমেট উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বেদার উদ্দিনের ভগ্নিপতি দুলাল চৌধুরীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বেদার উদ্দিন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মোল্লা আনোয়ার হোসেনের ছেলে। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সিএণ্ডবিবাজারে তার প্রসাধনসামগ্রীর একটি দোকান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা বেদারকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তার মোটর সাইকেলটি হত্যাকারীরাই নিয়ে গেছে।
শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেদার উদ্দিনের বাবা মোল্লা আনোয়ার হোসেন আটক দুলালসহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহতের ভাতিজা রিপন শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চাচা বেদার উদ্দিন বৃহষ্পতিবার সকালে নিজের ইয়ামাহা আরএক্স মোটর সাইকেলে করে বাড়ি থেকে খুলনায় যান সেখানে বসবাসরত তার বাবা মোল্লা আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে মোবাইল ফোনে বারবার তার সঙ্গে যোগযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার সকালে খুলনা থেকে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে বেদারের মৃত্যুর সংবাদ পৌছায়।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক টিপু জানান, বেদারের বাবার অভিযোগ, তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মোসলেম চৌধুরীর জায়গা ভাড়া নিয়ে সেখানে মুরগী খামার করেছিলেন। সেই সূত্রে পরিচয়ের জের ধরে মোসলেমের ছেলে দুলাল ২০০৬ সালে তাদের অসম্মতিতে তার মেয়েকে বিয়ে করেন।
পরে ওই মুরগীর খামারসহ নগদ তিন লাখ টাকা দেয়ার জন্য দুলাল তাকে চাপ দেন। এক পর্যায়ে তিনি কিছু নগদ টাকার বিনিময়ে দুলালদের জায়গায় করা তার মুরগী খামারটি ছেড়ে খুলনার বয়রা এলাকায় এসে বসবাস শুরু করেন। এর পর থেকে দুলাল বিভিন্ন ভাবে ওই টাকা ফেরৎ চেয়ে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছিলেন।
উপ-পরিদর্শক টিপু জানান, দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24