২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপজেলায় ২২ টাকা কেজিতে চাল বিক্রি করছে যৌথ বাহিনী

ঢাকার কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ডিলারদের মাধ্যমে ২২ টাকা কেজি দরে সরকারি টেষ্ট রিলিফের চাল বিক্রি শুরু করেছে যৌথ বাহিনী। ওই তিন উপজেলার যৌথ বাহিনীর ক্যাম্প অধিনায়ক মেজর ফরিদ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালের দাম শিগগিরই স্থিতিশীল পর্যায়ে না আসলে পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম চালু করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ডিলারদের মাধ্যমে ২২ টাকা কেজি দরে সরকারি টেষ্ট রিলিফের চাল বিক্রি শুরু করেছে যৌথ বাহিনী। ওই তিন উপজেলার যৌথ বাহিনীর ক্যাম্প অধিনায়ক মেজর ফরিদ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালের দাম শিগগিরই স্থিতিশীল পর্যায়ে না আসলে পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম চালু করা হবে। তিনি জানান, ওই তিনটি উপজেলার ২৯টি ইউনিয়নে শুক্রবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে তিনটি করে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। মেজর ফরিদ বলেন, "আমরা সরকারি টেষ্ট রিলিফের (টিআর) জন্য বরাদ্দ করা চাল ডিলারদের কাছে ২০ টাকা ২১ পয়সা কেজি দরে বিক্রি করছি। আর ডিলাররা সাধারণ ক্রেতাদের কাছে তা বিক্রি করছে ২২ টাকা কেজিতে। এই বিক্রয় কেন্দ্রগুলো থেকে একটি পরিবার দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিক্রয় কেন্দ্রগুলো খোলা থাকবে।" প্রসঙ্গত বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চালের সর্বনিু দাম ৩৩ টাকা। ওই সেনা কর্মকর্তা আরো বলেন, "মোট ৭০ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে। আগামী সাত দিন চাল বিক্রির এ কার্যক্রম চলবে। আমরা আশা করছি, এর মধ্যে এই তিন উপজেলায় চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে।" মেজর ফরিদ জানান, ডিলারদের কাছে চাল বিক্রির টাকা টিআর খাতেই জমা দেয়া হবে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় ইউএনও, ইউপি চেয়ারম্যান, বাদামতলি এলাকার চাল ব্যবসায়ী ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে। এদিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া বলেন, "চলতি অর্থবছরে টিআর খাতে দেড় লাখ টন চাল বরাদ্দ করা আছে। এই খাত থেকে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ৫০ হাজার টন চাল সরবরাহ করা হয়েছে।" এক প্রশ্নের জবাবে সচিব বলেন, "টিআর নীতিমালা অনুযায়ী এ চাল বিক্রি করে নগদ টাকা প্রকল্প তহবিলে জমা দেওয়া যায়।" এদিকে চালের দাম নিয়ন্ত্রণ করতে ৯ জানুয়ারি থেকে সারা দেশে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হবে। ওএমএস কর্মসূচির আওতায় নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করবে সরকার। প্রত্যেক পরিবার দিনে ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি করে চাল পাবে। একজন ডিলার একদিন পর পর চাল বিক্রি করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/এমএ/ ১৮০৩ ঘ.