ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। সঙ্কট মোকাবেলায় তড়িঘড়ি করে বিদ্যুৎ উৎপাদনের জন্য গৃহীত পদেক্ষপ বিদ্যুৎ খাতে দুর্নীতি বৃদ্ধি করছে। এ কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে। উচ্চমূল্যের বিদ্যুৎ জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি অয়োজিত 'বিপন্ন বিদ্যুৎ খাত ও জাতীয় স্বার্থ' শীর্ষক গোলটেবিলে এসব কথা বলা হয়।
গোলটেবিলে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদ পাচার রোধ করতে হবে। বিদ্যুতের সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক আছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সম্পদের অপচয় ও লুটপাট হচ্ছে। এ জন্য শাসক শ্রেণী দায়ী ।
অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যালেন্স শিট তৈরি করেনি। বিনিয়োগের হিসাব নেই। একই মূলে অনেকগুলো অনিয়ম। এখন তার ফল ভোগ করছি আমরা । লোড ম্যানেজম্যান্টের মাধ্যমে ভিভিআইপি এলাকায় বিদ্যুৎ দিচ্ছি। উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ দিচ্ছি না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিগত এক বছরে সরকার কি করেছে? কেবল রাজনীতিবিদদের ওয়াজ নসিহত করা হচ্ছে। বলা হয় ৩৬ বছরে দেশের কিছু হয়নি। ২১ বছর কারা ক্ষমতায় ছিল? আগে ২১ বছরের দায়িত্ব নেন। তারপর ১৫ বছরের দায়িত্ব নিব।
রাশেদ খান মেনন বলেন, বিদ্যুৎ খাতের সমস্যার মূল কারণ বিদেশীদের কাছ থেকে ঋণ নেওয়া। বিদেশী নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য রাজনৈতিক প্রতিশ্র"তি থাকা দরকার।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার বলেন, বিদ্যুৎ খাতে টেকনিক্যাল অডিট হয় না। পর্যবেক্ষণ হচ্ছে না। পুরনো পদ্ধতিতেই চলছে। এইখাতে ১০/১৫ হাজার কোটি টাকার দুর্নীতি করলো যারা তাদের বিচার করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেন, এমন হওয়ার কথা ছিল না। এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা যেখানে দুর্নীতি মুক্ত সুশাসন ও স্বচ্ছতা থাকবে। যার বিরুদ্ধে সরকারের অভিযান চলছে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। বিশ্ব ব্যাংক, এডিবির পরামর্শে রাষ্ট্রায়ত্তখাতে উৎপাদন না করে বেসরকারি খাতে উৎপাদন ছেড়ে দেওয়া হচ্ছে। এতে দেশের ভিতরে ও বাইরে দুর্নীতি হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে। উৎপাদন কম হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত হচ্ছে না। সংকট আরও ঘনীভূত হচ্ছে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক এম শামসুল আলম।
এতে বলা হয় পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। সঙ্কট মোকাবেলায় তড়িঘড়ি করে বিদ্যুৎ উৎপাদনের জন্য গৃহীত পদক্ষেপ বিদ্যুৎ খাতে দুর্নীতি বৃদ্ধি করছে। এ কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। উচ্চ মূল্যের বিদ্যুৎ জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রকৌশলী আমানুল ইসলাম চৌধুরী, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির জিএম কাদের, সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. আতিউর রহমান, বিচারপতি গোলাম রব্বানী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মোশরেফা মিশু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৬৩৯ঘ.
bdnews24