পটুয়াখালী, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড়ের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর ১ জানুয়ারি থেকে আবার ভোটারদের ছবি তোলা ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে পটুয়াখালীতে।
১৫ নভেম্বর ভয়াবহ সিডরের আঘাতে বন্ধ হয়ে যায় পটুয়াখালীতে ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ। সিডরের আগে ৪ নভেম্বর থেকে পটুয়াখালীতে ভোটার তালিকার কাজ শুরু হয়েছিল।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, পটুয়াখালী পৌর এলাকার ৯ ইউনিটে ৯টি ছবি তোলার কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী ৫ জানুয়ারির মধ্যেই পৌরসভার মধ্যে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।
এর পর ৭ থেকে ১৪ জানুয়ারি সদর উপজেলার লাউকাঠি, বরদপুর ও ইটবাড়িয়া ইউনিয়নের ভোটারদের ছবি তোলা হবে। পর্যায়ক্রমে ১৩ ফেব্র"য়ারির মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটার তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ শেষ করা হবে বলে জানান তিনি।
এরপর কলাপাড়া ও গলাচিপাসহ সব উপজেলায় ভোটার তালিকার কাজ শেষ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১১০ ঘ.
bdnews24