চট্টগ্রাম, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ঘাতক রাজাকার হিসেবে চিহ্নিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম রিজু এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে পরিচিত অপর শিক্ষক ও সাহিত্যিক অধ্যাপক চৌধুরী জহুরুল হকের শোক সভা এক সঙ্গে আয়োজন করে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের দুজন শিক্ষকের একযোগে শোকসভা আয়োজনের ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় এ শোকসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা।
গত ১৬ ডিসেম্বর রাতে একাত্তরের ঘাতক রাজাকার হিসেবে ব্যাপক সমালোচিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রেজাউল করিম রিজু মস্তিষ্কের রক্তক্ষরণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
অন্যদিকে ৩ জানুয়ারি ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সাহিত্যিক অধ্যাপক চৌধুরী জহুরুল হক নগরীতে নিজ বাসভবনে মারা যান।
এই দু'জন শিক্ষকের শোকসভা একসঙ্গে আয়োজনের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট ও সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন চিহ্নিত রাজাকারের সাথে প্রগতিশীল মুক্তচিন্তার একজন মানুষের শোকসভা আয়োজন ঘৃণিত একটি কাজ। শিক্ষক সমিতির সদস্যদের জানানো ছাড়া এ সিদ্ধান্ত অবশ্যই সুবিবেচনা প্রসূত হয়নি।"
তিনি বলেন, "রাজাকারের এ শোকসভায় আমরা অংশ নিতে পারি না।"
শিক্ষক সমিতির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, "যে 'ঘৃণিত রাজাকারের' লাশ এদেশে লুকিয়ে দাফন করা হয়, তার সাথে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একজন শিক্ষক ও সুসাহিত্যিকের স্মরণ সভা হতে পারে না। আমরা এ সভায় অংশগ্রহণ করব না।"
লোক প্রশাসন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক হোসাইন কবীর বলেন, "এটা চরম ঘৃণা ও বিতর্কের কাজ হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের দুইজন শিক্ষকের শোকসভা একত্রে হতে পারে না। আমরা এ সভায় যেতে পারি না।"
এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছিদ্দিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি পরীক্ষার ব্যস্ততার কারণে দুই শিক্ষকের শোকসভা একসাথে করা হচ্ছে। একজন মৃত মানুষকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না।"
১৯৭১ সালের জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র সংঘের মাগুরার সাধারণ সম্পাদক এবং জেলার রাজাকার কমান্ডার ছিলেন রেজাউল করিম রিজু। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবিরের উত্থান এবং স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে মৃত্যুর পর তার লাশ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়নি। অনেকটা গোপনেই মৃত্যুর পরদিন দামপাড়ার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে জানাজা পড়ানো হয়। তার জানাজায় ছাত্রশিবিরের কিছু নেতা কর্মী এবং জামায়াতের শিক্ষক ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র এবং শিক্ষক অংশ নেননি।
স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে একাত্তরের পর নিজের জন্মস্থান মাগুরায় রেজাউল করিম প্রকাশ্যে প্রবেশ করতে পারেননি। মৃত্যুর পর মাগুরায় মুক্তিযোদ্ধাদের বিরোধীতার মুখে ফেনীতে তার শ্বশুর বাড়িতে অনেকটা গোপনে তার লাশ দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এফআই/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24