ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আমিন মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের পরিচালক সামিনা নাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
রুহুল আমিনের বাড়ি নোয়াখালী জেলায়। গত বছরের জুনে তিনি ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। এর আগে বাহরাইনে রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র বিভাগে যোগ দিয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ডেস্কের মহাপরিচালক নাজমুল কাউনাইন বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, রুহুল আমিন গুরুতর অসুস্থ। তাকে প্যারিসের একটি হাসপাতালে জীবন রক্ষাকারী যন্ত্রপাতির সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। "হাসপাতালের ডাক্তাররা লাইফ সার্পোট খুলে ফেলার জন্য তার পরিবারের সম্মতি চেয়েছেন।"
তিনি জানান, বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে মস্তিস্কে ব্যাপক রক্তক্ষরণ শুরু হওয়ায় রুহুল আমিনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়।
রুহুল আমিনের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/টিএইচ/এমএইচবি/১৯০৮ ঘ.
bdnews24