সাভার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে মধুমতি মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার ভোর ৫ টার সড়ক দুঘটনায় দুই সহোদর মারা গেছেন।
এরা হলেন- মো. করিম (২৮) ও আমির হোসেন (৩৫)। তারা সাভার পৌর এলাকার কবিরাজ পাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বাছিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে সিটি কর্পোরেশনের ময়লা বোঝাই একটি ট্রাক সাভারের বলিয়াপুরে ডাম্পিং ষ্টেশনে আসার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে চিনি বোঝাই একটি কার্ভাড ভ্যান (ঢাকা-মেট্টো-ড-১৪-১৯৯৭) পিছন থেকে ধাক্কা দেয়। এতে কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভ্যান চালক মো. করিম (২৮) ও তার বড় ভাই ভ্যানের হেলপার আমির হোসেন (৩৫) মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24