ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিচারপতি কে এম সোবহানকে বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে সবার শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
গত সোমবার সন্ধ্যায় পার্কে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বারডেমের হিমঘরে রাখা আছে।
কেএম সোবহানের বড় ছেলে রেহান সোবহান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছোট ভাই আদনান সোবহান ইতিমধ্যে কলকাতা থেকে দেশে পৌঁছেছেন এবং ছোট বোন রোমানা নাহিদ সোবহানও বুধবার রাতে কানাডা থেকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
রেহান সোবহান জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যাবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত তার বাবার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, শুক্রবার বাদ আছর মালিবাগ শাহী মসজিদে কেএম সোবহানের কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
কে এম সোবহান ১৯২৪ সালের ২৫ জুলাই ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি বিচারপতি হিসেবে যোগ দেন। পরবর্তীকালে তিনি তৎকালীন পূর্ব জার্মানি এবং চেকোস্লোভিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/০০১৫ ঘ.
bdnews24