ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অব্যাহত গ্যাস সঙ্কট কাটাতে সরবরাহ বাড়ানোর উপায় খুঁজছে পেট্রোবাংলা। বন্দরনগরীতে এখন প্রতিদিন তিনশ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২৩৫ থেকে ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "চট্টগ্রামে সার কারখানাসহ বড় বড় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেখানে জ্বালানি ও কাঁচামাল হিসেবে গ্যাস ব্যবহৃত হওয়ায় এর চাহিদা অনেক বেশি। আমাদের জন্য এ মুহূর্তে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোই হলো বড় চ্যালেঞ্জ।"
পেট্রোবাংলা জানিয়েছে, চলতি বছর বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে উৎপাদন বাড়িয়ে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য কুমিল্লায় গ্যাস লাইনের উন্নয়ন করে সরবরাহ চাপ বাড়ানো হবে।
চট্টগ্রামের গ্যাস সরবরাহ বাড়ানো ও দেশের গ্যাস উৎপাদনের সার্বিক পরিস্থিতি নিয়ে ৭ জানুয়ারি বৈঠক করবে পেট্রোবাংলা।
চট্টগ্রামে সরবরাহ করা গ্যাসের একটি অংশ আসে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে। এখন গড়ে প্রতিদিন ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হলেও সেখানকার উৎপাদন কমে আসছে।
পিডিবির চেয়ারম্যান মোঃ শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেছেন, গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা হচ্ছে।
এদিকে, ফেনী গ্যাসক্ষেত্র থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করতে পেট্রোবাংলার পরিকল্পনা একটি মামলার কারণে থমকে আছে। ২০০৫ সালে মামলাটি করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। এতে ফেনী গ্যাসক্ষেত্র উন্নয়নে বাপেক্স ও নাইকোর মধ্যে হওয়া চুক্তিতে অস্বচ্ছতা, আইনের লঙ্ঘন ও অগ্নিকাণ্ডের ক্ষতি রোধে প্রয়োজনীয় পদপেক্ষ না নেওয়ার অভিযোগ আনা হয়।
বর্তমানে হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফেনী গ্যাস ক্ষেত্র উন্নয়ন কার্যক্রম স্থগিত করেছে আদালত।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার চিন্তা করছেন। এজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফেনী গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। এখানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ১২৯ বিলিয়ন ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসকে/২০৪১ঘ.
bdnews24