ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মালিবাগ মোড়ে সিআইডি অফিস এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) অফিসের উল্টোদিকের গলিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বোতলবদ্ধ পানির ব্যবসায়ী বেলাল হোসেন, রিক্সাচালক আবুল কাশেম ও পথচারি রাশেদুল ইসলাম।
এ বিষয়ে রমনা থানার সহকারী উপ-পরিদর্শক ফরিদা খানম জানান, বুধবার দুপুর ৩টার দিকে পানি ব্যবসায়ী বেলাল হোসেন গলির মাথায় দাঁড়িয়ে পত্রিকা পড়ার সময় একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থেকে কয়েক যুবক তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে। তার পা ও হাতে দুটি গুলি লাগে।
এসময় স্থানীয়রা গাড়িটি ধাওয়া করলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে গাড়ি নিয়ে গলির ভেতরে ঢুকে পড়ে। এসময় রিক্সাচালক আবুল কাশেম বুকে ও পথচারী রাশেদুল ইসলাম হাতে গুলিবিদ্ধ হন। গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/১৭৪২ঘ.
bdnews24