ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য হঠাৎ করে ভারতে চালের বাজার চড়ে যাওয়াকে দায়ী করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। এমন পরিস্থিতিতে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে চাল আমদানির চিন্তাভাবনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে জ্বালানি ও খর্নিজ সম্পদ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় উপদেষ্টা জানান, হঠাৎ করে ভারতীয় চালের দাম টন প্রতি ৭৫ থেকে একশ ডলার বেড়ে গেছে। এ কারণে সেখান থেকে বেশি দামে চাল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তপন চৌধুরী বলেন, "পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারসহ চাল রপ্তানিকারক অন্য দেশগুলো থেকে আমদানির কথা ভাবা হচ্ছে। ওইসব দেশের চালের ধরন অনুযায়ী আমদানির প্রক্রিয়াও শুরু করা হয়েছে।"
তিনি বলেন, থাইল্যান্ড থেকে এক লাখ টন চাল আমদানির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া আরো দুই দফায় ৭৫ হাজার টন চাল আমদানির প্রস্তুতি চলছে। ভারত থেকে চাল আমদানির ক্ষেত্রে যেখানে টনপ্রতি পাঁচশ ডলার প্রয়োজন, সেখানে থাইল্যান্ড থেকে আনতে টনপ্রতি খরচ হবে চারশ থেকে ৪২৫ ডলার।
খাদ্য উপদেষ্টা জানান, ঘূর্ণিঝড় সিডরের পর বাংলাদেশে যে পাঁচ লাখ টন চাল রপ্তানি করার নীতিগত সিদ্ধান্ত ভারত নিয়েছিল, তা আমদানি করা হবে। তবে এর দাম নির্ধারণের জন্য শিগগিরই একটি প্রতিনিধি দল ভারত সফর করবে।"
খাদ্যশস্যের দাম বাড়লেও সরকার ভর্তুকি দেওয়ার কথা ভাবছে না জানিয়ে তপন চৌধুরী বলেন, "খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। কিন্তু এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। খাদ্যশস্যে ভর্তূকি দেয়ার বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো পরিকল্পনা নেই।"
১০ বছর আগে জনসংখ্যার ভিত্তিতে খাদ্যের নিরাপত্তা মজুদের পরিমাণ ১০ লাখ টন নির্ধারণ করা হয়। এখনকার বিবেচনায় নিরাপত্তা মজুদ দ্বিগুণ নির্ধারণের সম্ভাবনা নাকচ করে খাদ্য উপদেষ্টা বলেন, "দেশে বর্তমানে প্রায় ছয় লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এছাড়া, এত খাদ্য মজুদের মতো স্থান নেই। আর এত খাদ্য মজুদ থাকলেও দাম কমতো বলে আমি মনে করি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২১৪২ ঘ.
bdnews24