২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ভোটার তালিকার কাজ উদ্বোধন করলেন নৌপ্রধান

বরগুনায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম এ কাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বরগুনা জিলা স্কুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা ও নিবন্ধনের কাজ দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

বরগুনা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম এ কাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বরগুনা জিলা স্কুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা ও নিবন্ধনের কাজ দেখেন। নৌপ্রধান বলেন, ভোটার তালিকায় নাম নিবন্ধন করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। আশা করি সবাই নিজ তাগিদেই সে দায়িত্ব পালন করবেন। ভোটার তালিকায় নিবন্ধনে সবাইকে সচেতন করতে গণমাধ্যম কর্মীদের সহায়ক ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। ঘূর্ণিদুর্গত বরগুনায় ভোটার তালিকার কাজ দেরিতে শুরু হলেও কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন নৌপ্রধান। বরগুনা পৌরসভায় গত ১৭ ডিসেম্বর ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। মঙ্গলবার শুরু হয়েছে নিবন্ধন ও ছবি তোলার কাজ। জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, পৌরসভায় আগামী ৬ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের কাজ চলবে। এর পর সদর উপজেলাসহ অন্য এলাকায় পর্যায়ক্রমে ভোটার তালিকার কাজ চলবে। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার কারণে বরগুনায় ভোটার তালিকা তৈরির কাজ শুরু করার সময় পেছানো হয়। ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম মঙ্গলবার সকাল ১১টায় হেলিকপ্টারে চড়ে বরগুনায় আসেন। প্রথমেই তিনি ভোটার তালিকার কাজ উদ্বোধন করেন। নৌপ্রধান পরে সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে অর্থ সাহায্য দেন। এছাড়া দুর্গত এলাকার ৯১ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৮ ঘ.