ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরোনোর জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারো নতুন সম্ভাবনা আর স্বপ্নের মুখোমুখি বিশ্ববাসী। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব চুকিয়ে বিদায় নিল ঘটনাবহুল ২০০৭ সাল। সরল রৈখিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ২০০৭ সালের শেষ পাতাটি 'কালের যাত্রা'য় হারিয়ে গেছে ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে। স্বাগত ২০০৮। শুভ নববর্ষ।
দূর অতীতে গ্রিসের মানুষ অস্তপ্রায় লাল সূর্যকে জীর্ণ জীবনের প্রতীক হিসেবে বিদায় জানাত। সমুদ্র মায়ের কোলে বিলোপ হওয়া ক্লান্ত সূর্যের আবার পুনর্জন্ম পরদিন ভোরে সেই সমুদ্রের গর্ভ থেকেই। এভাবেই বারবার বেজেছে ধ্বংস আর হারিয়ে যাওয়ার মধ্যে নতুন জীবনের সুর। ২০০৭ সালের শেষ সূর্য আবার আলোকিত হয়ে চারদিক সজীব করে তুলবে ২০০৮ সালেরই নতুন সকালে। পুরোনো বছরের পাট চুকিয়ে মানুষ বিভোর হবে নতুন স্বপ্নের মাঝে।
ফেলে আসা ২০০৭ সাল ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান অভাবিত ঘটনার একটি বছর। বছরের শেষভাগে এসে পাকিস্তানে আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টোর মৃত্যুর ঘটনা নাড়া দেয় গোটা বিশ্বকে।
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে গত বছর বহুমুখী ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই একটি বছরে দেশ পার করেছে তার ইতিহাসের অন্যতম সঙ্কটময় সময়টি। এ সময় যা কিছু খবর হয়েছে তার সবকিছুরই সামনে ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের প্রত্যাশা। নানান ঘটনা প্রবাহ এই প্রত্যাশার সঙ্গে কখনো কখনো যোগ করেছে অনিশ্চয়তাও। সেই প্রত্যাশা আর অনিশ্চয়তা নিয়েই আরেকটি নতুন বছর শুরু করতে যাচ্ছে এ জনপদের মানুষ।
সশস্ত্রবাহিনীর সমর্থনে ১১ জানুয়ারির রাজনৈতিক পট পরিবর্তনের মাধমে জোট সরকারের আমলে নিযুক্ত রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপরই রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার আওতায় সভা-সমাবেশ, চলাফেরাসহ বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো স্থগিত করা হয়। পাশাপাশি দায়িত্ব নেয় ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার। বিতর্কিতভাবে ২২ জানুয়ারি যে সংসদ নির্বাচন করার তোড়জোড় চলছিল তা বাতিল করা হয়।
প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার ছিল বছরের আলোচিত ঘটনার অন্যতম। এছাড়া, তারেক রহমানসহ বিএনপির সাবেক মন্ত্রী ও সাংসদ এবং আওয়ামী লীগের আবদুল জলিলসহ নেতাদের গ্রেপ্তার করে দুর্নীতির মামলা করা হয়।
জরুরি অবস্থা জারির প্রথমদিকে দলগুলো বিভিন্ন উপলক্ষ ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ১০ মার্চ দেশজুড়ে তাদের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়ে সরকার বুঝিয়ে দেয় রাজনীতির জন্য সামনে দীর্ঘ ও কঠিন এক সময় আসছে।
এরইমধ্যে ব্যাপকভাবে সমালোচিত প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজসহ পুরনো নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেন এবং শামসুল হুদাসহ নতুন কমিশনাররা তাদের স্থলাভিষিক্ত হন। নতুন কমিশন ছবিসহ নতুন ভোটার তালিকা করার কথা জানায় এবং হাইকোর্ট ২০০৬ সালে করা বিতর্কিত ভোটার তালিকা অবৈধ ঘোষণা করে।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও ফেব্র"য়ারির শেষে নতুন দল করার ঘোষণা দেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি সে উদ্যোগ থেকে সরে দাঁড়ালেও এ বছরই কয়েকটি নতুন দল আত্মপ্রকাশ করে।
বছরের মাঝামাঝিতে সরকারের উৎসাহে দেশের বড় দুটো দলেই 'সংস্কারের' তোড়জোড় শুরু হয়। দুই দলের ভেতর থেকেই বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব উঠে আসে। প্রয়োজনে দুই নেত্রীকে বাদ দিয়েই দলে সংস্কার হবে এমন কথাও বলেন কেউ কেউ।
বছরের শুরু থেকেই কথিত 'মাইনাস টু থিওরি' ছিল রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। সংস্কার বিতর্কে তা একটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে শুরু করে যেন। হাসিনার গ্রেপ্তারের ধাক্কা আওয়ামী লীগ অনেকখানি সামলে নিলেও গ্রেপ্তার হওয়ার আগে খালেদা তার দলের সংস্কারপন্থীদের নেতা হিসেবে পরিচিত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ারকে ওই দায়িত্ব দিয়ে যাওয়ায় দলটিতে বিভাজন আরো স্পষ্ট হয়। পরে স্থায়ী কমিটির কিছু সদস্য সভা করে সাইফুর রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব মনোনীত করে। খালেদা জিয়া কারাগারে বসে তা মেনে নেননি।
'সংস্কারের হাওয়ায়' ভেঙে দুই টুকরো হয়ে যায় এলডিপি। বদলে যায় এরশাদের জাতীয় পার্টির অবস্থা। 'সংস্কারের পথ পরিষ্কার' করতে এরশাদ জুনের শেষ দিন দলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের 'রোডম্যাপ' ঘোষণা করেন। ২০০৮ এর অক্টোবরের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন করার কথা বলেন তিনি। আর তখন থেকে সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখতে শুরু দেশবাসী। বছরের শেষভাগে এসে আগের আশ্বাস অনুযায়ী নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করে কমিশন।
এদিকে, বছরের মাঝামাঝি তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ কলেবরে বাজেট ঘোষণা করলেও দুই দফা বন্যা আর বছরের শেষভাগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শেষ পর্যন্ত দাতাগোষ্ঠীর সাহায্যের দিকেই তাকাতেই হচ্ছে দেশকে। একমাত্র রেমিটেন্স ছাড়া অর্থনীতির সবগুলো সূচকই আশঙ্কার কথা শোনাচ্ছে। সাধারণ জনগণকে এ বছর সবচেয়ে বেশি ভুগিয়েছে দ্রব্যমূল্যের মাত্রাহীন ঊর্ধ্বগতি।
একদিকে বিনিয়োগের পরিমাণ কমতে কমতে বাণিজ্য খাত প্রায় স্থবির হতে বসেছে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চলতি অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে।
দুই দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ।
এ বছর বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে রাস্তায় নামে মানুষ। বিক্ষোভ ভাঙচুর আর সংঘর্ষের মধ্য দিয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষের প্রকাশ ঘটায় তারা।
অসন্তোষের একটি বড় প্রকাশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থী ও সেনা সদস্যদের মধ্যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে। ২০ আগস্টের ওই ঘটনার জের ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। ওই ঘটনার পর দেশের বিভিন্ন থানায় ৮২ হাজার মানুষকে আসামি করে ২৮টি মামলা দায়ের করা হয়। সব বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরগুলোর সব কলেজ বন্ধ করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে গ্রেপ্তার করে জরুরি বিধিমালা ভঙ্গ ও বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়। রাজশাহীর চার শিক্ষককে কারাদণ্ডও দেয় আদালত। পরে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির বিশেষ বিবেচনায় ওই চারজন মুক্তি পান।
বছরের শেষদিকে ফ্রান্সে পুরাকীর্তি পাঠানোকে কেন্দ্র করে বেশ বেকায়দায় পড়তে হয় সরকারকে। শিল্পী, সাংবাদিক ও পুরাতত্ত্ববিদদের দাবি উপেক্ষা করে চুক্তিরক্ষার যুক্তিতে ফ্রান্সের গিমে যাদুঘরে প্রদর্শনের জন্য বেশ কিছু পুরাকীর্তি ফ্রান্সে পাঠানো হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের ছাড়পত্র পাওয়ার পর পুরাকীর্তির দ্বিতীয় চালানটি ফ্রান্সে পাঠানোর আগেই বিমানবন্দর থেকে খোয়া যায় দুটি বিষ্ণুমূর্তি। পরে সাভার থেকে দুটি মূর্তির কিছু ভাঙা অংশ উদ্ধারও করা হয়। টুকরোগুলো উদ্ধারের আগেই ২৬ ডিসেম্বর পুরো ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী।
সঙ্কট আর অস্থিরতার মাঝে অনেক প্রাপ্তিও যোগ হয়েছে বাংলাদেশে। কার্যকর দুর্নীতি দমন কমিশন, কর্মকমিশন, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হয়েছে গত বছরে।
শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ৬ জঙ্গির ফাঁসি কার্যকর হয় ২০০৭ সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করাও ছিল যুগান্তকারী ঘটনা। সবমিলিয়ে প্রাপ্তির আনন্দ আর অপ্রাপ্তির হতাশা নিয়েই নতুন বছরে পা দিল বাংলাদেশের মানুষ।
খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এক বাণীতে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সাল ছিল সংকটের বছর। রাজনৈতিক অঙ্গনে বছরটি বেদনার ও দুঃখের। শেখ হাসিনাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। এটা বাংলার মানুষ মেনে নেয়নি।''
বিএনপির অস্থায়ী চেয়ারম্যান এম সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের প্রত্যাশা থাকবে পরিশুদ্ধি ও আত্মশুদ্ধির মাধ্যমে নতুন বছরে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা লাভে ভিত রচিত হবে।"
খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে জরুরি অবস্থা দীর্ঘায়িত হওয়া, দুই জনপ্রিয় নেত্রীকে গ্রেপ্তার ও নির্বাচন কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ায় ২০০৭ সাল ছিল মানুষের জন্য অস্বস্তিকর ও সঙ্কটজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসএনডি/এমএইচবি/০০০০ ঘ.
bdnews24