গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ পৌরসভা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসমত আলী সিকদার চুন্নুর বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা বাদী হয়ে শনিবার গোপালগঞ্জ সদর থানায় মামলাগুলো দায়ের করেন।
লঞ্চঘাটের সরকারি জমিতে অবৈধভাবে সুপার মার্কেট নির্মাণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ ও কর ফাঁকির অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। বিভিন্ন অভিযোগে পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা মামলাগুলোর অভিযোগে বলেন, শহরের লঞ্চঘাটে মৃত মধুমতির পাড়ে খাস জমিতে হাসমত আলী অবৈধভাবে একটি মার্কেট নির্মাণ করেন। এতে পৌরসভার প্রায় ৫৮ লাখ টাকা ব্যয় হয়। চলতি বছরের শুরুতে মার্কেটটি ভেঙে দেওয়া হয়। এতে পৌরসভা ও দোকানিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পৌর চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দরিদ্র তহবিল থেকে দু'লাখ ৩৪ হাজার টাকা ভুয়া নামে তুলে আত্মসাৎ করেন। এছাড়া তিনি নিজের মালিকানাধীন হোটেল রিফাতের ট্যাক্স ৭০ হাজার টাকার পরিবর্তে মাত্র আড়াই হাজার নির্ধারণ করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেন।
হাসমত আলী রাস্তার পাশে জঙ্গল/আগাছা পরিষ্কারের নামে প্রায় এক লাখ ১৮ হাজার টাকা আত্মসাত করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়। এছাড়া তিনি পৌরসভার স্বাস্থ্যখাতের এক লাখ ১৯ হাজার টাকা বিভিন্ন সময়ে উত্তোলন করে আত্মসাৎ করেন। তিনি পৌরসভার ড্রেন রাস্তা নির্মাণ কাজে টেন্ডারবাজি করে প্রায় ২১ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেন।
পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জবানবন্দি গ্রহণ ও দুর্নীতির ফাইলপত্র জব্দ করার পর এসব মামলা করা হয়েছে বলে বাদী উল্লেখ করেন।
হাসমত আলী সিকদার চুন্নুকে গত ২৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর থেকে তিনি কারাগারে আছেন। তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মামলা দায়েরের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফানাফিল্যা সাংবাদিকদের জানান, তদন্ত শুরু হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে এগুলোর প্রতিবেদন জমা দেয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫৮ ঘ.
bdnews24