চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় কেডিএস গ্র"পের একটি প্রতিষ্ঠান থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। অভিযানে পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, অবৈধ ব্যবসা চালতে আনুমানিক ৫ কোটি টাকার সরঞ্জাম স্থাপন করা হয়েছে ওই প্রতিষ্ঠানে। একটি ভিস্যাট স্থাপন করে চারশ চ্যানেলের মাধ্যমে টেলিফোন কল করা হতো এখানে।
বুধবার শুরু হয়ে এ অভিযান শুক্রবার পর্যন্ত চলে।
ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার মেজর শামসুজ্জোহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, ওই স্থানে কেডিএস গ্র"পের ডমিনক্স নামের একটি বৈধ ব্রডব্যান্ড সংযোগ ছিল। এর আড়ালে তাদেরই একটি রঙের প্লান্টের ভেতর গোপন একটি কক্ষে স্থাপন করা হয় ভিওআইপি সুইচের একটি বিশাল স্থাপনা।
তিনি বলেন, "এ পর্যন্ত যতগুলো অবৈধ ভিওআইপি স্থাপনা উদঘাটন করা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। এরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অনুমতি নিয়ে অবৈধ ভিওআইপির ব্যবসা করছে।"
শামসুজ্জোহা বলেন, "এখানে আনুমানিক ৫ কোটি টাকার সরঞ্জাম স্থাপন করা হয়েছে। তারা একটি ভিস্যাট স্থাপন করে চারশ চ্যানেলের মাধ্যমে এখান থেকে টেলিফোন কল করত।"
তিনি আরও জানান, কতদিন থেকে এখানে এ অবৈধ ব্যবসা চলছে এবং এর ফলে সরকারের কত টাকা ক্ষতি হয়েছে তা বের করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। ওটা খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে আসা বিটিআরসির একটি দল কাজ করছে।
চট্টগ্রামের র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, "ঢাকা থেকে আসা র্যাব এর গোয়েন্দা শাখা ও বিটিআরসি যৌথভাবে বুধবার থেকে এ অভিযান শুরু করে। অভিযান এখনও চলছে।"
কেডিএস গ্র"পের এই কারখানাটির অবস্থান হচ্ছে বায়েজিদ বোস্তামি মাজার গেটের বিপরীতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/০১০৮ ঘ.
bdnews24