ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীতির কথা উল্লেখ করে বলেছেন, রাজনীতি আর ব্যবসা একসঙ্গে গুলিয়ে ফেলা চলবে না। রাজনীতিবিদ ও ব্যবসায়ী যে যার জায়গায় কাজ করবেন। দুটোকে এক সঙ্গে চলতে দিলে দেশের মঙ্গল হবে না। তাই সরকার ব্যবসা ও রাজনীতিকে আলাদা করতে চায়।
আইন উপদেষ্টা বলেন, "আমরা ব্যবসা ও রাজনীতিকে আলাদা করতে চাই। আর যাতে কখনো কেউ রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে অঢেল অর্থ সম্পদের মালিক হতে না পারে আমরা সেটা নিশ্চিত করতে চাই। এটাই বর্তমান সরকারের নীতির প্রধান অংশ।"
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক ইফতার অনুষ্ঠান শেষে ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের বলেন, " দেশে রাজনীতি ও ব্যবসা একসঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা যে যার জায়গায় থাকবেন। রাজনীতিকে অবলম্বন করে ব্যবসা করা পৃথিবীর কোন দেশেই নেই। এটা কোন দেশের জন্য মঙ্গলও বয়ে আনে না। আমাদের সরকার চায় যিনি যেখানে আছেন, সেখানে থেকেই কাজ করেন।"
আইন উপদেষ্টা স্পষ্টভাবে জানান, যাদের বিরুদ্ধে দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে কেবল তাদের বেলায়ই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।
তিনি বলেন, "রাজনীতি ও ব্যবসা একসঙ্গে চলতে দেওয়া হবে না। সরকার এ ব্যপারে যে নীতি গ্রহণ করেছে তা বাস্তবায়ন করে যেতে চাই। আমরা দূর্নীতিমুক্ত পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি।"
এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা দূর্নীতিবাজদের পক্ষে নই। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হলে সরকার ব্যবসায়ীদের মধ্যে যে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সেটা ব্যাহত হবে।"
ব্যবসায়ীরা সরকারের দূর্নীতি বিরোধী অভিযান সমর্থন করে বলেও জানিয়েছেন মীর নাসির।
ইফতার অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী এবং শীর্ষ ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএম/এএনএস/এমএসবি/২৩৩২ ঘ.
bdnews24