২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ লাইন, ভাড়া বেশি, তারপরও মিলছে না বাসের টিকেট

ঈদ উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিভিন্ন রুটে বাসের আগাম টিকেট বিক্রি। কিন্তু কাউন্টার খোলার তিন ঘণ্টার মাথায় দুপুর ১২টার দিকে বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে '১০, ১১, ১২ তারিখের টিকেট নাই' লেখা নোটিশ। ক্রেতাদের অভিযোগ, বরাবরের মতো এবারও টিকেটের দাম বাড়িয়েছে বাস মালিকরা। বাড়তি দামে টিকেট কেনার জন্য বহুক্ষণ লাইনে দাঁড়িয়েও শুক্রবার টিকেট পাননি অনেকে। তবে বাস মালিকরা বলছেন, তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিভিন্ন রুটে বাসের আগাম টিকেট বিক্রি। কিন্তু কাউন্টার খোলার তিন ঘণ্টার মাথায় দুপুর ১২টার দিকে বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে '১০, ১১, ১২ তারিখের টিকেট নাই' লেখা নোটিশ। ক্রেতাদের অভিযোগ, বরাবরের মতো এবারও টিকেটের দাম বাড়িয়েছে বাস মালিকরা। বাড়তি দামে টিকেট কেনার জন্য বহুক্ষণ লাইনে দাঁড়িয়েও শুক্রবার টিকেট পাননি অনেকে। তবে বাস মালিকরা বলছেন, তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আব্দুস সামাদ মণ্ডল জানালেন, শুক্রবার সকাল ৯টা থেকে তারা টিকেট বিক্রি শুরু করেছেন। টিকেটের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "ভাই, আমরাতো দাম বাড়াইনি। সরকার আমাদের যে ভাড়া ঠিক করে দিয়েছে আমরা তাই রাখছি। চারদিকে এতো র‌্যাব পুলিশ, এদিক ওদিক হলে আমাদের আস্ত রাখতো ভেবেছেন? তিনি আরো বললেন, "ঈদের সময় আমাদের গাড়িগুলো ঢাকা থেকে ভর্তি হয়ে গেলেও আসার সময় একদম ফাঁকা আসে। এতে উল্টো আমাদের ক্ষতি হয়। অন্য সময় আমরা সরকারের বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে কিছুটা কমই রাখি। এখন সেই ভাড়া রাখলে আপ-ডাউন ট্রিপ মিলিয়ে ক্ষতির মুখে পড়ব।" তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকেই তার প্রতিষ্ঠানের বাসগুলোর ১০, ১১ ও ১২ অক্টোবরের সব টিকেট বিক্রি হয়ে গেছে। হানিফ কাউন্টারে টিকেট কাটতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল। তিনি বললেন, "যাব ঠাকুরগাঁ। এরা আগে যেখানে রাখতো ৩২০ টাকা, এখন রাখছে ৪৫০ টাকা। তারপরও টিকেট পাচ্ছি না। সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি। শেষ পর্যন্ত কাউন্টারের সামনে পৌঁছে দেখি ১১ তারিখের কোনও টিকেট নাই। অনেক অনুরোধ করে ১০ অক্টোবর রাতের টিকেট পেয়েছি। তাও একদম শেষের সিটে।" হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের একজন কর্মী বললেন, "সবাইতো খালি ১০, ১১, ১২ তারিখের টিকেট চায়। আমরাতো গাড়িতে সিট বাড়াতে পারি না। পাবলিককে বোঝাতে হিমশিম খেতে হচ্ছে।" পৌনে ১২টার দিকে আসাদগেটে শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়েও দেখা গেছে একই পরিস্থিতি। কাউন্টারের দরজার সামনে ভীড়ের মধ্যে কথা হলো ডা. মোকাররম হোসেনের সঙ্গে। তিনি ঈদ করবেন দিনাজপুরে। কিন্তু কাউন্টারে এসেই শুনলেন টিকেট নেই। এই প্রতিবেদককে তিনি বললেন, "একেতো ভাড়া বেশি, তারওপর টিকেট নাকি শেষ। প্রতিবারই এরা এমন করে। দেখি কোনওভাবে ম্যানেজ করা যায় কী না।" শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের সামনেও দেখা গেল দীর্ঘ লাইন। মেহেরপুরের গাংনী যাওয়ার জন্য টিকেট কাটলেন কামরুজ্জামান। তিনি বললেন, "দেড়ঘণ্টা দাঁড়িয়ে থেকে দুটো টিকেট পেয়েছি। এমনিতে টিকেটের দাম ২৩০ টাকা। এখন ঈদ বলে নিচ্ছে ৩৫০ টাকা।" টিকেট কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কুষ্টিয়ার ভাড়া ২৫০ টাকার বদলে ৩০০ টাকা, গাইবান্ধার ২২০ টাকার ভাড়া ২৮০ টাকা, রাজশাহীর ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে। শ্যামলী পরিবহন কাউন্টারে সোহরাব হোসেন জানালেন, তিনি বগুড়া যাবেন। কিন্তু বাধ্য হয়ে নওগাঁ পর্যন্ত টিকেট কিনেছেন তিনি। কাউন্টারে থেকে তাকে জানানো হয়েছে, বগুড়ার টিকেট শেষ। কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারটি অতিরিক্ত ভীড়ের কারণে দুপুর সোয়া ১২টার দিকে বন্ধ করে দেওয়া হয়। তখনও সেখানে টিকেটের আশায় দাঁড়িয়েছিল অনেক মানুষ। যেসব প্রতিষ্ঠান শুক্রবারও অগ্রিম টিকেট ছাড়েনি, আগামী দু'একদিনের মধ্যেই টিকেট বিক্রি শুরু করবে তারা। এসআর পরিবহনের কাউন্টারে গিয়ে জানা গেল, তাদের বাসের অগ্রিম টিকেট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএ/১৬১৯ ঘ.