মাহবুব আলম রনী
বিডিনিউজ টুয়েন্টিফোর প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "সেপ্টেম্বর শেষ হতে চললো, অথচ এখনও আগস্টের বেতনই পাইনি। সামনে ঈদ; তাই দুশ্চিন্তায় আছি। বেতন-বোনাস না পেলে তো ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।" বলছিলেন পঞ্চগড় চিনিকলের শ্রমিক জয়নাল আবেদীন। একই অবস্থা এখন দেশের রাষ্ট্রায়াত্ত ১৪টি চিনিকলের ১৪ হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর।
২০০ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় পড়ে থাকায় কলগুলোতে শ্রমিক-কর্মচারীদের এক থেকে দুই মাসের বেতন বকেয়া। ঈদের আগে বেতন-বোনাস পাওয়া নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। যদিও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, ঈদের আগেই বেতন-বোনাস হবে।
চিনির মূল্য কম থাকা সত্ত্বেও ভারতীয় চিনির অবাধ প্রবেশ এবং চিনির ওপর আমদানি শুল্ক কম থাকায় সরকারি চিনিকলগুলো বিপর্যয়ের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য সরকারের ভ্রান্ত আমদানি নীতিকেই দায়ী করেছেন কেউ কেউ।
চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান বাজারজাতকরণ কর্মকর্তা এ টি এম আলমগীর কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ১৪টি চিনিকলে অবিক্রিত চিনি ছিল ৭৬ হাজার ৫৮ দশমিক শূন্য তিন টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান কবির মো. আশরাফ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েক মাস আগেও তাদের গড়ে দুই থেকে তিন মাসের বেতন বকেয়া ছিল। তবে এখন এ বকেয়ার পরিমাণ এক মাসে নেমে এসেছে। আশা করছি, ঈদের আগেই সবার বকেয়া বেতন এবং ঈদ বোনাস দেওয়া হবে।"
রংপুরের শ্যামপুর চিনিকলের ৭০০ শ্রমিক-কর্মচারী এখনও আগস্ট মাসের বেতন পাননি। অন্যদিকে উৎপাদিত বিপুল পরিমাণ চিনি অবিক্রিত অবস্থায় পড়ে থাকায় তা নষ্ট হওয়ার আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।
কর্মকর্তা কর্মচারীদের বেতন ও বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধসহ আগামী মৌসুমের জন্য গুদাম খালি করতে মিল কর্তৃপক্ষ ফেরি করে চিনি বিক্রির উদ্যোগ নেয়। গত ১৯ সেপ্টেম্বর রংপুর শহরের বিভিন্ন পয়েন্টে মাইকিংও করা হয়। কিন্তু বাজারের চেয়ে মিলের চিনির দাম বেশি বলে ক্রেতাদের সাড়া না মেলায় সে সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান চিনিকলের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর চিনি কলের এক কর্মকর্তা জানান, সরকারের ভ্রান্ত আমদানি নীতির কারণেই চিনি শিল্প ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে।
আবুল কালাম আজাদ জানান, এ বছর ২৩ নভেম্বর থেকে আখ মাড়াই করে চিনি উৎপাদনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে মিল চালু করতে হলে প্রাথমিকভাবে ২ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে ডিজেল, ফার্নেস ওয়েল, লুব্রিকেন্ট কিনতেই লাগবে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। মিলের ব্যবস্থাপনা খরচ ৭০ থেকে ৮০ লাখ টাকা। গত মৌসুমের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে প্রায় ১ কোটি টাকা, শতাধিক কর্মকর্তা কর্মচারীর অবসর গ্রহণ করায় তাদের গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনা রয়েছে ১ কোটি টাকা। মিলের ৭০০ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকের ঈদ বোনাসসহ মাসিক বেতন পরিশোধ করতে লাগবে ৭৫ লাখ টাকা।
"এ বিপুল পরিমাণ দেনা পরিশোধ করা না গেলে মিল চালু করা অনিশ্চিত হয়ে পড়বে"- মন্তব্য করেন আবুল কালাম আজাদ।
শ্যামপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদার রহমান বলেন, মিলে ৪ কোটির বেশি টাকার চিনি অবিক্রিত থাকায় চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছি।
পঞ্চগড় চিনিকলে ৯৯৪ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের বেতন-ভাতা আটকে আছে। এ কারখানায় প্রতিমাসে বেতন বাবদ প্রায় ৭৫ লাখ টাকা খরচ হয়। ঈদে বোনাসসহ এ টাকা ৯০ লাখে গিয়ে ঠেকবে।
বয়লার শ্রমিক মোশারফ হোসেন বলেন, "বর্তমান দুর্মূল্যের বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। টাকার অভাবে ছেলেকে কলেজ ছাড়িয়ে নিয়েছি। বেতন-বোনাস না পেলে আমাদের ঈদ বলে কিছু থাকবে না।"
বেতন-বোনাস নিয়ে উৎকণ্ঠিত ওই চিনিকলের শ্রমিক মহসিন, শহীদ, মজিদ, সাইফুল, ওয়ারেছ, বেলালসহ বেশ কয়েকজন একই রকমের অনিশ্চয়তাও কথা জানিয়েছেন।
পঞ্চগড় চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, উৎপাদন খরচের চেয়ে ১০ টাকা ৪৭ পয়সা কমে ২৫ টাকা কেজি দরেও ৭ হাজার ২০৮ দশমিক ৩৫ টন বিক্রি করা যাচ্ছে না। এজন্য চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দিতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
দর্শনার কেরু অ্যান্ড কোং চিনিকলে ২১ কোটি ২৯ লাখ ৬১ হাজার ২৫০ টাকার চিনি অবিক্রিত থাকায় দেড় হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওয়া এখনও অনিশ্চিত। বেতন ও বোনাস মিলিয়ে এক কোটি ১৬ লাখ টাকা সংস্থান করা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কর্তৃপক্ষ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী বলেন, "ভারতের নিম্নমানের চিনির অবাধ আমদানির ফলে আমাদের উন্নতমানের বিপুল পরিমাণ চিনি অবিক্রিত রয়েছে। বকেয়া বেতন, বোনাস পরিশোধের জন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার কাছে সোয়া কোটি টাকা ঋণ সহায়তা চেয়ে পত্র পাঠানো হয়েছে। সহায়তা পাওয়া মাত্রই বেতন, বোনাস দেওয়া হবে।"
এদিকে চিনিকলের গুদামে জায়গা না থাকায় আগামী নভেম্বরে আখ মাড়াই মৌসুমে উৎপাদন শুরু হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
চিনি করপোরেশনের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত সবচেয়ে বেশি অবিক্রিত চিনি ছিল নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে, ১৩ হাজার ৩৬২ দশমিক সাত টন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোং চিনিকলে ৮ হাজার ৫১৮ দশমিক ৬০ টন, কুষ্টিয়া চিনিকলে ৭ হাজার ৭৫২ দশমিক ৮৫ টন, পঞ্চগড় চিনিকলে ৭ হাজার ২০৮ দশমিক ৩৫ টন, পাবনা চিনিকলে ৭ হাজার ৫০ দশমিক ৫ টন, ঠাকুরগাঁও চিনিকলে ৫ হাজার ৯৬৫ দশমিক ৪৩ টন, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে ৫ হাজার ২০৯ দশমিক ৭ টন, নাটোর চিনিকলে ৫ হাজার ১৮ দশমিক ৭৫ টন, জয়পুরহাট চিনিকলে ৪ হাজার ৬৬৯ দশমিক ১৫ টন, রাজশাহী চিনিকলে ৩ হাজার ৭৭৩ দশমিক ২ টন, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলে ৩ হাজার ৪৫ দশমিক ৬ টন, ফরিদপুর চিনিকলে ২ হাজার ৮২২ দশমিক ২৫ টন, রংপুরের শ্যামপুর চিনিকলে ১ হাজার ৬২২ দশমিক ৩ টন ও জামালপুরের জিলবাংলা চিনি কলে ৩৮ দশমিক ৮ টন চিনি অবিক্রিত অবস্থায় ছিল।
চিনি শিল্প কর্পোরেশনের প্রধান বাজারজাতকরণ কর্মকর্তা এ টি এম আলমগীর কবির জানান, দেশে চিনির বার্ষিক চাহিদা ১৩ থেকে ১৪ লাখ টন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ১৪টি চিনি কলে উৎপাদিত হয় প্রায় আড়াই লাখ টন। এছাড়া বেসরকারি কিছু প্রতিষ্ঠান বিদেশ থেকে অপরিশোধিত চিনি কিনে পরিশোধন করে বিক্রি করছে। এগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ১৮ লাখ টন।
চিনি শিল্প করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা একেএম সামসুজ্জামান বলেন, বর্তমানে খোলাবাজারে প্রতি কেজি চিনি ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। অথচ রাষ্ট্রায়ত্ত চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ পড়ে গড়ে ৩৯ টাকা।
কর্পোরেশনের প্রধান বাজারজাতকরণ কর্মকর্তা এ টি এম আলমগীর কবির জানান, বর্তমানে আখের দাম, উৎপাদন খরচ, শ্রমিক কর্মচারীদের বেতন সহ অন্যান্য খরচ বেড়েছে অথচ চিনির দাম কমছে। ভারতে উৎপাদিত বিপুল পরিমাণ উদ্বৃত্ত চিনি বিক্রি করার জন্য সে দেশের রপ্তানিকারকরা অপেক্ষাকৃত অনেক কম দামে চিনি বিক্রি করায় এ দেশের চিনি কলসহ বেসরকারি চিনি উৎপাদনকারী কারখানাগুলো প্রতিযোগিতায় পেরে উঠছে না।
তার আশঙ্কা, আমদানি শুল্ক না বাড়ালে দেশের চিনিকলগুলো বন্ধ হয়ে যাবে। আর তখন এ সুযোগটা নিয়ে চিনির দাম বাড়িয়ে দেবে ভারত।
আর তাই দেশের চিনি শিল্প বাঁচাতে খুব শিগগির যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমানের মতোই সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে অন্য কর্মকর্তারা।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু, রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি নূরুন্নাহার হীরা।)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৫০ ঘ.
bdnews24