২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর আয়কর রিটার্ন জমা নিতে বলেছে হাইকোর্ট

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৯ লাখ ২০ হাজার টাকার আয়কর রিটার্ন জমা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই আয়কর রিটার্ন জমা নিতে এনবিআরের অস্বীকৃতিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ চার সপ্তাহের মধ্যে জানানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ আদায় বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, একই সংস্থার কেন্দ্রীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক ও আয়করের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৯ লাখ ২০ হাজার টাকার আয়কর রিটার্ন জমা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই আয়কর রিটার্ন জমা নিতে এনবিআরের অস্বীকৃতিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ চার সপ্তাহের মধ্যে জানানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ আদায় বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, একই সংস্থার কেন্দ্রীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক ও আয়করের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আরাফাত রহমান কোকোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। গত ২৪ জুলাই কোকো ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৯ লাখ ২০ হাজার টাকা অপরিশোধিত আয়কর বাংলাদেশ ব্যাংকে চালানের মাধ্যমে জমা দেন। কিন্তু এনবিআর এই আয়কর রিটার্ন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এর বৈধতা নিয়ে কোকো হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ৪ জুন সরকার একটি গেজেট প্রকাশ করে অপরিশোধিত আয়কর জমা দেওয়ার সুযোগ দেয়। কিন্তু কোকো অপরিশোধিত আয়কর জমা দিতে গেলে বেআইনিভাবে তা নিতে অস্বীকার করে এনবিআর। আরাফাত রহমান কোকোর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আদালতকে বলেন, কোকো খালেদা জিয়ার ছেলে বলে রাজনৈতিক কারণে তার আয়কর রিটার্ন জমা নেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬৪১ ঘ.