নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি আগামী বছরের শেষ পর্যায়ে ঠেলে দিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আগুন নিয়ে খেলছে।
এ কারণে তাদের জনপ্রিয়তা হারাতে হতে পারে।
ভারত সফররত কমনওয়েলথ মহাসচিব সোমবার রয়টার্সের সাইমন ডেনিয়েরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
ডন ম্যাককিনন বলেন, "সরকারের ধরে নেওয়া উচিত হবে না যে, তাদের সব কাজেই ভোটারদের সায় আছে। জনগণ এখন তাদের মেনে নিলেও ভবিষ্যতেও তারা এখনকার সরকারকে ক্ষমতায় দেখতে চাইবে এমনটা ধরে নেওয়ারও কোনো কারণ নেই।"
তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, "জনপ্রিয়তা হারিয়ে ফেললে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে।"
নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বেগবান করার এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার পরামর্শ দিয়ে ম্যাককিনন বলেন, "তিন মাসের জন্য যে সরকারের জন্ম, তারা যদি মনে করে যে তাদের অন্তত দুই বছর ক্ষমতায় থাকা উচিৎ তাহলে বাংলাদেশে নিশ্চিতভাবে একটি সাংবিধানিক সঙ্কটের জন্ম হবে।"
তিনি বলেন, "বাংলাদেশের দুই বছর সংসদবিহীন চললে অনেক প্রশ্নের জন্ম দেবে। তিনি আরও বলেন, এটি দেশকে "একটি কঠিন পরিস্থিতির" মুখোমুখি দাঁড় করাতে পারে।
ম্যাককিনন জানান, '৬০০ থেকে ৮০০ রাজনীতিক' ও 'আরও প্রায় এক লাখ' মানুষকে আটকে রাখায় তিনি উদ্বিগ্ন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেকে/ডিডি/জিএনএ/২২৩০ ঘ.
bdnews24