২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে উচ্ছেদ অভিযান শরু

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চারদিন চলবে এ অভিযান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চারদিন চলবে এ অভিযান। সোমবার শীতলক্ষ্যার পাড়ে টানবাজারে গার্মেন্টস ব্যবসায়ী শাহনেওয়াজের পাঁচ তলা ভবনের বর্ধিত অংশ ভাঙার মধ্যে দিয়ে অভিযান শুরু হয়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ প্রহরা ছিল। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, জরিপে প্রথম পর্যায়ে শীতলক্ষ্যার পশ্চিম তীরে ৩১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এগুলো সৈয়দপুর কয়লাঘাট থেকে গোদনাইল পর্যন্ত বিস্তৃত। এসব স্থাপনা সরিয়ে নিতে এক মাস আগেই নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্থাপনাগুলো হল- পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজ, পপুলার জুট এক্সচেঞ্জ, বাংলাদেশ বাণিজ্যালয়, নারায়ণগঞ্জ সল্ট ইন্ডাস্ট্রিজ, আলী সল্ট ইন্ডাস্ট্রিজ, মোবারক হোসেনের সেমিপাকা ঘর, পাল এ্যান্ড কো., জামালের সেমিপাকা ঘর, সোলায়মানের কাঁচাঘর, হাজী মনসুরের সেমিপাকা ঘর, শাহনেওয়াজের পাঁচ তলা ভবন, জাহাঙ্গীর আলমের পাঁচ তলা ভবন, মালেক শিকদারের পাঁচ তলা ভবন, শরীফ খন্দকারের ছয় তলা ভবন, ফারুক ও আউয়ালের ভবন, শংকর সাহার পাঁচ তলা ভবন, বাদল সাহার জমি, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সীমানা প্রাচীর ও পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার পরিদপ্তরের টিনসেড ঘর। অভিযান পরিচালনাকারী বিআইডব্লিউটিএ'র পরিচালক (বন্দর ও পরিবহন) মোতাহার হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা শীতলক্ষ্যা নদী দখল করে বহুতল ভবন, গুদামঘর ইত্যাদি বানিয়েছে। দখলদার যতই প্রভাবশালী হোক না কেন তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বিআইডব্লিউটিএ সর্বশেষ ২০০১ সালে শীতলক্ষ্যার তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু এর কিছুদিন পরই অবৈধ স্থাপনা আবার নির্মাণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪০ ঘ.