২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ঘুষের টাকাসহ ভূমি অফিসের কর্মচারী গ্রেপ্তার

সদর উপজেলার ভূমি অফিসের প্রধান কেরানী (হেডক্লার্ক) তোফাজ্জল হোসেনকে ঘুষের টাকাসহ সোমবার তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ভূমি অফিসের প্রধান কেরানী (হেডক্লার্ক) তোফাজ্জল হোসেনকে ঘুষের টাকাসহ সোমবার তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জমির উদ্দিন জানান, জমি সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি করে দেওয়ার নামে তোফাজ্জল সোমবার সকালে বোদা উপজেলার ভাসাইনগর গ্রামের আজিজুল ইসলামের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ঘুষ নেন। এর কিছুক্ষণ পর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ রেজাউর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা এসে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজিজুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জমির উদ্দিন জানান। মামলার বাদি আজিজুল ইসলাম বলেন, "কাজ করে দেওয়ার বিনিময়ে গত বুধবার আমার বাড়িতে গিয়ে তোফাজ্জল হোসেন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সবশেষে ১০ হাজার টাকায় আপস হয়। এরপর আমি বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পে জানাই। তাদের পরামর্শ অনুযায়ী আজ (সোমবার) ঘুষের টাকা দিতে যাই।" তোফাজ্জল হোসেনের বাড়ি বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৫৫ ঘ.