ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধানমন্ডি ক্লাবের সভাপতি খায়রুল আনোয়ার পেয়ারু হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদন্ড দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। সোমবার বিকেলে দায়রা জজ মো. আজিজুল হক এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫ শ টাকা জরিমানাও করা হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত পাঁচ আসামী হলেন, মো. সাইফুল ইসলাম ওরফে হান্নান, ফজলুর রহমান ওরফে বুলেট বাবুল, জাতীয় পার্টি নেতা ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন মিয়া ওরফে মিয়া ভাই, এমরান হোসেন ও নুরে আলম ওরফে নুরু।
এর মধ্যে রায় ঘোষণার সময় মো. সাইফুল ইসলাম ও ফজলুর রহমান আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন। অন্য তিনজন পলাতক রয়েছে।
উল্লেখ্য, আমজাদ হোসেন মিয়া ও তার ছোট ভাই এমরান হোসেন উভয়ে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পেয়ারুকে ২০০৪ সালের ২৯ ফেব্র"য়ারি রাতে ধানমন্ডি ক্লাবে গুলি করে হত্যা করা হয় বলে মামলার বিবরণীতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ক্লাবে মদ্যপান ও অসামাজিক কাজে বাধাদান ও ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে আসামী আমজাদের নির্দেশে অপর দন্ডপ্রাপ্তরা পিয়ারুকে হত্যা করে।
হত্যাকান্ডের পরের দিন পেয়ারুর ছোট ভাই আনোয়ারুজ্জামান বাদী হয়ে কাউকে আসামী না করে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর বিচারক আজিজুল হক কাঠগড়ায় দাঁড়ানো হান্নান ও বাবুলের কাছে রায়ের বিরুদ্ধে আপীল করবে কিনা জানতে চাইলে তারা ইতিবাচক সাড়া দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন, খোরশেদ আলম এবং সহকারি পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল।
রায় ঘোষণার সময়ে পিয়ারুর স্ত্রী রোকসানা আনোয়ার ও তার ছেলে-মেয়েরা আদালতে উপস্থিত ছিলেন। স্ত্রী রোকসানা রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকরের দাবি জানান।
অপরদিকে আসামী হান্নান ও বুলেট বাবুলের স্ত্রীরা রায় শুনে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এসকে/১৬৩৭ঘ.
bdnews24