ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইস্কাটনে রোববার গণপিটুনিতে আব্দুর রশীদ (২৫) ও বিপ্লব হাসান (৩০) নামের দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইস্কাটন রোডের 'বায়রা' কার্যালয়ে সামনে দুপুর আড়াইটার দিকে তিন ছিনতাইকারী শাহ আলম নামের এক পথচারীর গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া বাধায়। গুলি করার হুমকি দিয়ে শাহ আলমের কাছ থেকে নগদ ১২ হাজার সাতশ টাকা এবং একটি মোবাইল ফোনসেট কেড়ে নেয় তারা। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্যজন পালিয়ে যায়।
উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান, বিক্ষুব্ধ জনতা রশীদ ও বিপ্লবকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শাহ আলম এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১০৫ ঘ.
bdnews24