ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত করে নির্বাচন কমিশনের সঙ্গে তার দলের আলোচনায় যাওয়ার বিষয়টি জানিয়ে এসেছেন।
জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনু আমার সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয়েছে। জাসদ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী।"
হাসানুল হক ইনু শনিবার সন্ধ্যায় জিল্লুর রহমানের সঙ্গে গুলশানে তার বাসভবনে সাক্ষাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন। ইনু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিল্লুর রহমানের বাসায় আসেন এবং আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে অবস্থান করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/জিএনএ/২০০০ ঘ.
bdnews24