২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটকা মাছ খেয়ে সাত জনের মৃত্যু

বিষাক্ত পটকা মাছ খেয়ে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সাংবাদিক হারাধন দে জানান, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট থেকে সস্তায় মাত্র ৩০ টাকা কেজি দরে মাছ কিনে রাতে রান্না করে খেয়ে সঙ্গে সঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত পটকা মাছ খেয়ে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সাংবাদিক হারাধন দে জানান, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট থেকে সস্তায় মাত্র ৩০ টাকা কেজি দরে মাছ কিনে রাতে রান্না করে খেয়ে সঙ্গে সঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়ে। রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় যারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তারা সবাই গোলাকান্দাইল হাটের আশেপাশের গ্রামের বাসিন্দা। পটকা মাছ থেকে অসুস্থ হয়ে পড়া আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের রাইনদী আতাদি গ্রামের বাসিন্দা মোতালেব মিয়া (৬৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৫৫) হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। ওই দম্পতির ছেলে মনির (২২) এবং নাতি শরীফুলও (১৩) অসুস্থ হয়ে পড়েছে। ওই ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৬০) পটকা মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। একই এলাকার নূরে আলম (২২) রূপগঞ্জের ভুলতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আড়াইহাজার উপজেলার ধুপতারা কুমারপাড়া গ্রামের সুরুজ মিয়া (৫৫) পটকা মাছের তরকারি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পটকা মাছ খেয়ে আমার এলাকায় পাঁচ জন মারা গেছে।" রূপগঞ্জ উপজেলায় মারা যায় হোড়গাঁও দড়িকান্দি গ্রামের জমিরউদ্দিন (৭৫) ও তার ছেলে লোকমান (৩৫)। তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, "পটকা মাছ খেয়ে এক জন মারা গেছে বলে জানতে পেরেছি।" মৃতদের মধ্যে মোতালেব, সিরাজুল ইসলাম, জমিরউদ্দিন ও লোকমানের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাতেমা বেগমের লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সুরুজ মিয়া ও নূরে আলমের লাশ ময়না তদন্ত ছাড়াই তার আত্মীয় স্বজন দাফন করে সাংবাদিক হারাধন দে জানান। পটকা মাছ খেয়ে গুরুতর অসুস্থ খুকু আক্তার (১৫) কাশেম (৫০), মীর বক্স (৬০), শুক্কুর বিবি (৫০), বিলকিস (১৬), সাদিয়া (১৪) ও জাহাঙ্গীর (১৭) কে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৫৭ ঘ.