রাজশাহী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামাইয়ের দায়ের করা চুরির মামলায় শ্বশুর-শাশুড়িকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের।
ওই মামলায় বৃহস্পতিবার রাতে শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে অদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মির্জা গোলাম সারোয়ার জানান, কনোপাড়া গ্রামের মামুনুর রশিদ বৃহস্পতিবার রাতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ এনে শ্বশুর-শাশুড়িসহ সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ জগন্নাথপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাশুড়ি সাহারা বিবি, শ্বশুর মজিবর রহমান আকন্দ, চাচা শ্বশুর খলিলুর রহমান আকন্দ, জিল্লুর রহমান আকন্দ, মনতাজ ওরফে দুখু আকন্দ, স্ত্রীর চাচাতো ভাই ইকবাল হোসেন আকন্দ ও গোলাম মোস্তফা আকন্দ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১৭ আগস্ট বাদির অনুপস্থিতির সুযোগে আসামিরা বাদির বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৪৩ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24