নীলফামারী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি গ্রামে পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবার দাবি করেছে, তাকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পুকুর থেকে সোনা মণ্ডলের স্ত্রী পেয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে আখতার হোসেন বলেন, "ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
পেয়ারা বেগমের বাবা গোলাপ হোসেন এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ তা একটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে।
ওই অভিযোগে বলা হয়, সোনা মণ্ডল জুয়া খেলত এবং তাতে বাধা দেওয়ায় প্রায়ই পেয়ারাকে মারধর করত। গত বুধবার জুয়া খেলায় হেরে রাতে বাড়ি ফিরে পেয়ারা বেগমকে মারধর করে। এতে তার মৃত্যু হলে লাশটি পুকুরে ফেলে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.
bdnews24